সাগরে ভাসা অভিবাসীদের অবস্থা শোচনীয়

মানব পাচারকারীদের খপ্পরে পড়ে অথই সাগরে নৌযানে ভাসতে থাকা বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলিম অভিবাসীদের তীরে ভিড়তে দিচ্ছে না থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। এতে ক্ষুধা-তৃষ্ণা, অসুস্থতায় মৃত্যুর মুখে থাকা হাজারো অভিবাসীর অবস্থা আরও শোচনীয় হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন মানবাধিকারকর্মীরা।
মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার এ রকম পদক্ষেপের আগে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র ওই সব অভিবাসীকে আশ্রয় দিতে সীমান্ত উন্মুক্ত করার আহ্বান জানিয়েছে। খবর রয়টার্স, এএফপি, দ্য স্টার ও ব্যাংকক পোস্টের।
থাইল্যান্ডের জান্তা সরকারের মুখপাত্র বীরাচন সুখন্দপতিপাক গতকাল বুধবার গণমাধ্যমকে বলেন, যত দূর আমি জানি থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া অভিবাসীদের কূলে ভিড়তে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কূলে এলে তাঁদের সাগরেই ফেরত পাঠানো হবে। যদিও মানবিক সংকট এড়াতে তাঁদের জন্য জরুরি ভিত্তিতে উদ্ধার তৎপরতা শুরু করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
সাগরে ভাসমান প্রায় আট হাজার অভিবাসীর ব্যাপারে গত মঙ্গলবার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরুর ওই আহ্বান জানিয়েছিল জাতিসংঘের উদ্বাস্তুবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। সংস্থা এ অভিবাসীদের জীবন নিয়ে এ অঞ্চলের কর্তৃপক্ষ খেলছে বলেও অভিযোগ করে।
এ আহ্বান ও অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি থাইল্যান্ডের সরকারি মুখপাত্র। বিষয়টিতে মালয়েশিয়া সরকারও কিছু বলতে রাজি হয়নি। তবে এ বিষয়ে ২৯ মে ব্যাংককে ১৫টি দেশের এক বৈঠক আহ্বান করা হয়েছে বলে জানান এই মুখপাত্র। পর্যবেক্ষকদের আশঙ্কা, সংকটাপন্ন এই অভিবাসীদের জন্য এ রকমের সাড়ায় আসলে অনেক দেরি হয়ে যাবে।
গত রোববার মালয়েশিয়ার লংকাবি দ্বীপে এক হাজারের বেশি অভিবাসীকে উদ্ধারের পর গতকাল সে দেশের সমুদ্রবিষয়ক একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আর কোনো নৌযান ভেড়ার চেষ্টা করলে তা ফিরিয়ে দেওয়া হবে। দেশটির মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির কর্মকর্তা তান কক কেউই বলেন, ‘আমরা তাঁদের প্রবেশানুমতি দেব না। এটা নীতিগত ব্যাপার।’
ইন্দোনেশিয়ার নৌবাহিনী বলেছে, তারা গত সোমবার অভিবাসীদের বহনকারী যে নৌযানটি সাগরে ফেরত পাঠিয়েছে, তার আরোহীরা মালয়েশিয়াতে যেতে চাইছিলেন। তবে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটস বলেছে, ‘বিপদাপন্ন অভিবাসীদের এভাবে সাগরে ঠেলে দিয়ে ও তাঁদের ভালো-মন্দ দেখার দায় এড়িয়ে বৃহত্তর আঞ্চলিক সংকটের সমাধান হবে না।’
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের থাইল্যান্ড শাখার কর্মকর্তা সুনাই ফাসুক বলেন, ‘যদি এই তিন দেশ ঠেলে দেওয়ার নীতি বাস্তবায়নে এগোয়, তবে তা হবে রক্তে তাদের হাত ভেজানোর মতো।’
দেশগুলোর এ ধরনের অবস্থানের মধ্যেই মঙ্গলবার মালয়েশিয়ার লংকাবি উপকূলের কাছে ভাসমান একটি নৌযান থেকে মুঠোফোনে সাহায্যের আহ্বান জানিয়েছিলেন অভিবাসীরা। নৌযানে অন্তত ৫০ জন নারী ও অনেক শিশু ছিল। মুঠোফোনে কথা বলার সময় একজন মানবাধিকারকর্মী অনেকের কান্না শুনতে পান। গতকাল পর্যন্ত তাঁদের সাহায্যে এগিয়ে যাওয়ার কোনো খবর মেলেনি। অভিবাসীরা জানিয়েছিলেন, তাঁদের নৌকার জ্বালানি ফুরিয়ে গেছে এবং তিন দিন ধরে না খেয়ে রয়েছেন।
সম্প্রতি ইন্দোনেশিয়ার আচেহ উপকূল থেকে উদ্ধার হওয়া অভিবাসীদের একজন ‘বাংলাদেশি’ কিশোর মিজানুর রহমান (১৪)। মিজানুর জানায়, একটি নৌযানে প্রায় ৬০০ অভিবাসীর সঙ্গে আতঙ্কে দুটি মাস সাগরে ভেসে বেড়িয়েছে সে ও তার এক বন্ধু। এই সময়ে সারা দিনে তাঁদের দুজনকে এক প্লেট ভাত ভাগাভাগি করে খেতে হয়েছে। যাত্রার শেষভাগে তাঁদের আর কিছুই জুটত না।
মিজানুর বলে, ‘উপকূলের কাছাকাছি এনে পাচারকারীরা আমাদের বলে, বাঁচতে চাও তো সাঁতার দাও। পরিবারের সুখের জন্য মালয়েশিয়া যেতে চাইছিলাম। যা কিছু ঘটেছে, তার পরও আমি দেশে না ফিরে এখানেই মরতে চাই।’
থাইল্যান্ড ও মালয়েশিয়ায় মানব পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চলতে থাকায় এসব পাচারকারী ও তাদের দালালেরা এভাবে বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীদের তীরে না ভিড়িয়ে সাগরে ফেলে রেখে পালাচ্ছে। দিগ্ভ্রান্ত হয়ে উপকূলে ভেসে আসা এমন অন্তত ২০০০ হাজার অভিবাসীকে গত কয়েক দিনে উদ্ধার করেছে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া।
এ পরিস্থিতিতে সাগরে ভাসা অন্য অভিবাসীদের জীবন নিয়ে আশঙ্কা ব্যক্ত করে গতকাল যুক্তরাষ্ট্র সংকট নিরসনে সহযোগিতা করতে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর প্রতি আহ্বান জানায়। ব্যাংককে নিযুক্ত মার্কিন দূতাবাস থেকে বলা হয়, নিজ দেশে প্রতিকূল মানবিক ও অর্থনৈতিক পরিস্থিতি বা জাতিগত ও ধর্মীয় সহিংসতার শিকার তাঁরা (অভিবাসীরা)। যেহেতু এটা আঞ্চলিক সমস্যা, তাই আঞ্চলিকভাবে ও সমন্বিত আন্তর্জাতিক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক সনদ ও সমুদ্র আইনের সঙ্গে সংগতিপূর্ণ পদক্ষেপের মধ্য দিয়ে এর সমাধান করা দরকার।