সাগরে ভাসা শিশুটি একটি কোল পেল
চারদিকে পানি থই থই। মাঝখানে একটি ভাসমান ট্রলার। তাতে একটি কন্যাশিশু। আর কেউ নেই। শিশুটির বয়স আনুমানিক দেড় মাস। ক্ষীণকণ্ঠে কাঁদছিল শিশুটি। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল গত মঙ্গলবার রাতে কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে টহল দেওয়ার সময় কান্নার আওয়াজ শুনতে পেয়ে শিশুটিকে উদ্ধার করে। পরে শিশুটির ঠাঁই মেলে শাহপরীর দ্বীপের একজন গৃহিণীর কোলে।স্থানীয় বাসিন্দারা জানায়, নাফ নদীতে ভাসমান একটি ট্রলার থেকে উদ্ধার করার পর বিজিবির জওয়ানরা মঙ্গলবার রাতেই শিশুটিকে স্থানীয় দোকানি মোহামঞ্চদ আমিনের তত্ত্বাবধানে রাখেন। আমিন রাতে শিশুটিকে বাড়িতে নিয়ে যান। তখনও শিশুটি কাঁদছিল। তবে আমিনের স্ত্রী খতিজা বেগমের কোলে গিয়ে শিশুটির কান্না থেমে যায়। শিশুটিকে একনজর দেখতে লোকজন ভিড় জমায় ওই বাড়িতে। পরে বিজিবির ৪২ টেকনাফ ব্যাটালিয়নের অপারেশন অফিসার এইচ কামরুল হাসানের নির্দেশে শিশুটিকে শাহপরীর দ্বীপ ঘোলা পাড়ার মাছ ব্যবসায়ী কবির আহমদের হাতে তুলে দেওয়া হয়েছে। কবিরের স্ত্রী মোস্তফা বেগম (৪৫) পরম যত্নে তাকে কোলে তুলে নিয়েছেন। খবর পেয়ে গতকাল বুধবার ওই বাড়িতে যান এই প্রতিবেদক। গৃহিণী মোস্তফা বেগম প্রথম আলোকে বলেন, ‘আমার নিজের নয় সন্তান রয়েছে। সেই সঙ্গে আল্লাহ আরও এক সন্তান দিল। আমি নিজ সন্তানের মতোই একে বড় করব। তাকে কোনো দিনই বুঝতে দেব না, সে ভেসে আসা।’স্থানীয় লোকজনের বিশ্বাস, প্রতিবেশী দেশ মিয়ানমারের মংডু এলাকায় সম্প্রতি রাখাইন-মুসলিম সহিংসতার পর সৃষ্ট পরিস্থিতিতে সেখান থেকে রোহিঙ্গারা ট্রলারযোগে দলে দলে বাংলাদেশে পাড়ি জমানোর চেষ্টা করছে। তবে বাংলাদেশের আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর সদস্যদের বাধার মুখে তারা টেকনাফে ঢুকতে পারছে না। এ রকম কোনো একটি দল হয়তো বিজিবি ও কোস্টগার্ডের বাধার মুখে ট্রলার থেকে পানিতে নেমে পালিয়ে যেতে পারলেও শিশুটিকে ফেলে রেখে গেছে।বিজিবি ৪২ টেকনাফ ব্যাটালিয়নের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মেজর মো. সাইফুল ওয়াদুদ বলেন, ধারণা করা হচ্ছে, মিয়ানমার থেকে পালিয়ে আসার সময় বঙ্গোপসাগরের কোথাও ট্রলারটি ডাকাতের কবলে পড়েছিল।