বঙ্গোপসাগরে উত্তাল ঢেউয়ের সঙ্গে টানা ২৮ ঘণ্টার বেশি লড়াই করে বেঁচে গেছেন কক্সবাজারের মহেশখালীর বাসিন্দা মোহাম্মদ হাবিব। গত বুধবার সকালে হাবিবের মতো ৩৩ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ সুমিত্রা। গতকাল বৃহস্পতিবার সকালে উদ্ধার হওয়া জেলেদের নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরের জেটিতে ভেড়ে।
জাহাজ থেকে নামার পর ২৮ ঘণ্টা লড়াই করে বেঁচে যাওয়ার কাহিনি প্রথম আলোর কাছে বর্ণনা করেন হাবিব। সোমবার বিকেলে চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে ছিল তাঁদের মাছ ধরার নৌকাটি। তিনি বলেন, ঘূর্ণিঝড়ের খবর শোনার পর সাগর থেকে জাল তুলে মহেশখালী উপকূলের দিকে রওনা হন তাঁরা। নৌকায় মাঝিসহ ২৫ জন জেলে ছিলেন তাঁরা। ফিরে আসার পথে সোমবার দিবাগত রাত চারটার দিকে উত্তাল সাগরে পাহাড়ের মতো উঁচু ঢেউয়ের মুখে পড়ে তাঁদের নৌকা। প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি মুহূর্তের মধ্যে ডুবে যায়। নৌকায় থাকা বাঁশ আর পানির খালি কনটেইনার ধরে ভেসে থাকেন তাঁরা কয়েকজন। প্রতিবার ঢেউয়ের ধাক্কায় তাঁর মনে হয়েছে, এখনই বুঝি সাগরে ডুবে যাবেন। এভাবে ভাসতে ভাসতে মঙ্গলবার সকাল হয়ে যায়।
হাবিব জানান, মঙ্গলবার দিনভর তাঁরা অথই সাগরে ভেসে ছিলেন। বুধবার ভোরে দেখেন, দূরে একটি জাহাজ দেখা যাচ্ছে। হাত উঁচু করে তাঁরা জাহাজের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন। পরে দেখতে পান, জাহাজটি তাদের দিকে আসছে।
জাহাজ সুমিত্রায় থাকায় নাবিকেরা উদ্ধার করেছেন হাবিবের সহকর্মী ওসমান গণিকেও। তিনি বলেন, তাঁদের মাছ ধরার নৌকাটির নাম সাইদ-১। তাঁরা ২৫ জন ছিলেন। এর মধ্যে চারজনকে ভেসে যেতে দেখেছেন তাঁরা। পাঁচজন অন্য ট্রলারে উঠে রক্ষা পেয়েছেন বলে শুনেছেন তিনি। বাকি ১৬ জনকে নাবিকেরা উদ্ধার করেছেন। তিনি বলেন, ‘বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিলাম। উদ্ধারের পর মনে হচ্ছে, নতুন জীবন পেয়েছি।’
গত সোমবার সকালে ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রভাবে ৭ নম্বর বিপৎসংকেত ঘোষণা করে আবহাওয়া অধিদপ্তর। বিকেলে ১০ নম্বর মহা বিপৎসংকেত ঘোষণা করা হয়। মঙ্গলবার ভোরে ঘূর্ণিঝড় চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলে আঘাত হানে। ভারতের নৌবাহিনীর জাহাজটি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের জন্য ত্রাণ নিয়ে চট্টগ্রামে আসার পথে ডুবে যাওয়া দুটি নৌকার ৩৩ জেলেকে উদ্ধার করে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা একজন পরে মারা যান।
জেলেদের উদ্ধারের ঘটনা বর্ণনা করে চট্টগ্রাম বন্দর জেটিতে ভারতীয় নৌবাহিনীর জাহাজ সুমিত্রার কমান্ডিং অফিসার কে পি শ্রীশান সাংবাদিকদের বলেন, বুধবার সকাল সাড়ে ছয়টায় তাঁদের জাহাজটি চট্টগ্রাম থেকে এক শ মাইল দক্ষিণে ছিল। হঠাৎ দূরে সাগরে কয়েকজনকে ভেসে থাকতে দেখেন তাঁরা। কাছাকাছি যাওয়ার পর কাঠের টুকরার সাহায্যে ভেসে থাকা দুজনকে প্রথমে উদ্ধার করেন তাঁরা। উদ্ধার করা দুজন ইশারার মাধ্যমে তাঁদের জানান, আরও অনেকে সাগরে ভাসছেন। এরপর তল্লাশি চালিয়ে নানা সরঞ্জাম ধরে ভাসতে থাকা জেলেদের মোট পাঁচটি দলকে উদ্ধার করেন তাঁরা।
সুমিত্রার কমান্ডিং অফিসার শ্রীশান বলেন, জেলেদের উদ্ধারের সময় সাগর প্রচণ্ড উত্তাল ছিল। জাহাজ থেকে বোট নামাতে না পেরে মেরিন কমান্ডো ও ডুবুরিদের সহায়তায় ভাসমান মানুষদের জন্য লাইফ বয়া পৌঁছে দেওয়া হয়। ছয় ঘণ্টা লেগেছে সবাইকে উদ্ধার করতে। উদ্ধার হওয়া মুমূর্ষু একজনকে বাঁচানোর চেষ্টা করেও তাঁকে বাঁচানো যায়নি।