সাগরে মাছ ও জাল লুট
বঙ্গোপসাগরের টেকনাফ উপকূলে গত রোববার রাতে মাছ ধরার নৌকায় প্রায় ১৫ লাখ টাকার ইলিশ মাছ, জাল, ডিজেল, জেনারেটরের ব্যাটারি, মোবাইল ফোনসেটসহ অন্যান্য মালামাল লুট করে নিয়েছে জলদস্যুরা। এ সময় প্রহারে ১২ জেলে আহত হন। তাঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় এক জেলেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট বোট মালিক সূত্রে জানা যায়, গত রোববার রাতে সাগরের টেকনাফ উপকূলের ষোল বাইন নামক স্থানে মাছ ধরার সময় জলদস্যুরা দুটি ট্রলারের করে এসে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। এ সময় তারা টেকনাফের বাহারছড়ার জালিয়াপাড়ার নুরুল কবির, মনখালীর মোহাম্মদ তাহের, আবদুস শুক্কুর এবং কক্সবাজারের নুনিয়ার ছড়ার মোহাম্মদ শফিক আলমের মালিকানাধীন চারটি ফিশিং বোটকে জিম্মি করে ফেলে। পরে বোটে আহরিত প্রায় ১৫ লাখ টাকার ইলিশ মাছ, জাল, জ্বালানি তেল, জেনারেটরের ব্যাটারি, মোবাইল ফোনসেটসহ বিভিন্ন ধরনের মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় হামলায় ১২ জেলে আহত হন।টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রণজিৎ কুমার বড়ুয়া বলেন, ‘সাগরে নামার মতো জলযান পুলিশের কাছে নেই। তার পরও ডাকাতির সুনির্দিষ্ট খবর পাওয়া গেলে অভিযান চালাতে আমরা প্রস্তুত রয়েছি।’