সাগরে মাছ ধরতে গিয়ে ১৩ জেলে নিখোঁজ
উত্তাল সাগরে মাছ ধরতে গিয়ে বরগুনার তালতলী উপজেলার সকিনা এলাকার এফবি মায়ের দোয়া নামে একটি মাছ ধরা ট্রলারের ১৩ জেলে নিখোঁজ রয়েছে। গতকাল রোববার বিকেল পর্যন্ত ট্রলার ও জেলেদের কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ জেলেদের স্বজনেরা জানান, গত বুধবার রাতে তালতলী উপজেলার সকিনাঘাট থেকে এফবি মায়ের দোয়া নামে ওই ট্রলারটি ১৩ জন জেলেসহ বঙ্গোপসাগরে মাছ ধরার উদ্দেশ্যে যায়। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠলে ওই এলাকার অন্যান্য ট্রলার তীরে ফিরে এলেও ওই ট্রলারটি ফিরে আসেনি। এরপর বিভিন্ন বন্দরে খোঁজ নিয়েও ওই ট্রলার ও জেলেদের সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ জেলেরা হলেন আবদুল হাই মাঝি, ইউসুফ মাল, জামাল হোসেন, ইউসুফ হাওলাদার, আবদুল খালেক, মুনসুর আলী, ইউসুফ শরীফ, জিয়াউল হক, ফারুক আকন, সুলতান মিয়া ও খোকন গাজী। তাঁদের বাড়ি তালতলী সদর ও নিদ্রার চর গ্রামে। নিখোঁজ বাকি দুই জেলের নাম জানা যায়নি।
ট্রলারটির মালিক আয়নাল হাওলাদার বলেন, ‘১৩ জেলেসহ মালামাল নিয়ে ট্রলারটি বঙ্গোপসাগরের পায়রা বন্দর বয়ার ভেতরের এলাকায় মাছ ধরছিল। গত বৃহস্পতিবার রাত থেকে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেছি। কিন্তু কোনো সন্ধান পাইনি। ট্রলারের মাঝির মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।’
এদিকে নিখোঁজ জেলেদের পরিবার গভীর উৎকণ্ঠায় স্বজনদের খোঁজ নেওয়ার জন্য বিভিন্ন বন্দরে ছোটাছুটি করছে।
ট্রলারটির মাঝি আবদুল হাইয়ের স্ত্রী মহিমা বেগম বলেন, ‘বুধবার রাইতে মোর স্বামী সাগরে গ্যাছে, সাগরে ঝড়-তুবান শুরু অওনের পর সব ট্রলার কিনারে আইছে। হ্যারা আয় নায়। তিন দিন ধইরা সব মানুষগুলা নিখোঁজ। এহন কোথায় যামু, কী করমু কিচ্ছু কইতে পারি না।’