সাগরে মাছ ধরা বন্ধ জেলেপল্লিতে দুর্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন ইলিশের ভরা মৌসুম।কিন্তু সাগর উত্তাল থাকায় দুই সপ্তাহ ধরে জেলেরা মাছ শিকারে যেতে পারছেন না। এতে কক্সবাজারের টেকনাফের জেলে পরিবারগুলোতে চলছে দুর্দিন।
উপজেলা মৎস্য বিভাগ সূত্র জানায়, উপজেলার প্রায় ২০ হাজার পরিবারের জীবিকা নির্ভর করে সাগরে মাছ শিকারের ওপর। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে জেলেরা দুই সপ্তাহ ধরে মাছ শিকারে যেতে না পারায় পরিবারগুলোর সদস্যরা অভাব-অনটনের মধ্যে দিনযাপন করছেন।
শাহপরীর দ্বীপের ট্রলার মালিক মো. আমিন ও হামিদ হোসেন বলেন, এ সময়ে সাগরে প্রচুর ইলিশ ধরা পড়ে। আবহাওয়ার কারণে দুই সপ্তাহ ধরে মাছ শিকার বন্ধ। এতে জেলে ও ট্রলার মালিকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
ফিশারিঘাটে মাছ ওঠা-নামার দায়িত্বে থাকা শ্রমিক মোহাম্মদ ইসলাম ও নজির আহমদ বলেন, ঘাটে এখন কোনো মাছ নেই। আগে মাছভর্তি ট্রলার ঘাটে এলে মজুরির সঙ্গে তাঁরা খাবারের মাছ পেতেন। কিন্তু এখন সেটাও পাচ্ছেন না। কয়েক দিন ধরে পরিবারের লোকজনের মুখে ঠিকমতো দুবেলা ভাত দিতে পারছেন না। জেলে নুরুল হাকিম ও করিম উল্লাহ বলেন, ভরা মৌসুমে সাগরে নামতে না পারায় সব জেলে পরিবারে দেখা দিয়েছে অভাব-অনটন। এখন ঘরে মজুত থাকা চাল-ডালও শেষ হয়ে গেছে।