সাগরে মাছ ধরা বন্ধ ১১ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ও লঘুচাপের কারণে টেকনাফ উপকূলে মাছ ধরার কয়েক শতাধিক ট্রলার নিরাপদ স্থানে অবস্থান নিয়েছে। ১১ দিন ধরে সাগরে মাছ ধরতে যেতে পারছেন না জেলেরা। ফলে ইলিশের ভরা মৌসুমে জেলেপরিবারগুলো পড়েছে দুর্ভোগে এবং ট্রলারমালিকেরা হচ্ছেন আর্থিক ক্ষতির শিকার। গতকাল মঙ্গলবার সতর্কসংকেত তুলে নেওয়া হলেও জেলেরা সাগরে যাওয়া শুরু করেননি।টেকনাফ ট্রলার মালিক সমিতির সভাপতি মো. রফিক কোম্পানি ও শাহপরীর দ্বীপের সভাপতি দিল মোহাম্মদ জানান, এখন ইলিশ মাছ আহরণের ভরা মৌসুম। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে ১০ দিন ধরে জেলেরা সাগরে যেতে পারছেন না। উপজেলার প্রায় কয়েক শ ট্রলার সাগরসংলগ্ন সেন্ট মার্টিন, শাহপরীর দ্বীপ, লেঙ্গুর বিল ও বাহারছড়া এলাকায় নিরাপদে অবস্থান নিয়েছে। ট্রলারমালিক মোহাম্মদ আলম ও শফিকুর রহমান জানান, প্রতিবছর এ সময়ে প্রচুর ইলিশ ধরা পড়ে। কিন্তু সাগরে সৃষ্ট নিম্নচাপ ও লঘুচাপের কারণে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মালিকপক্ষ। মাছ শিকারে যেতে না পারায় প্রতি সপ্তাহে ট্রলারমালিকদের পাঁচ থেকে ১০ লাখ টাকা ক্ষতি হচ্ছে বলে তাঁরা দাবি করেন।শাহপরীর দ্বীপের ঘোলাপাড়ার জেলে রশিদ আহমদ ও নয়াপাড়ার মনির আহমদ জানান, হঠাৎ করে সাগরে একের পর এক সতর্কসংকেত আগে কখনো দেখা যায়নি। এ পরিস্থিতিতে সাগরে মাছ ধরতে যাওয়া নিরাপদ মনে করছেন না জেলেরা। ফলে প্রতিটি পরিবারে দেখা দিয়েছে অভাব-অনটন। এ বিষয়ে সরকারিভাবে কোনো সহায়তাও পাওয়া যাচ্ছে না।সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হামিদুর রহমান ও সেন্ট মার্টিন ইউপি চেয়ারম্যান মাওলানা ফিরোজ আহমদ খান বলেন, সাগরে যেতে না পারায় জেলেপরিবারগুলোতে চলছে চরম দুর্ভোগ। ঘাটগুলো এখন ট্রলারজটে পরিণত হয়েছে।উপজেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাশ বলেন, উপজেলায় প্রায় ২৫ হাজার জেলেপরিবার রয়েছে। কোনো ধরনের পুনর্বাসনের ব্যবস্থা না থাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হলে এসব পরিবারে অভাব-অনটন দেখা দেয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কয়েকবার এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে বলে তিনি জানান।