টানা দুই সপ্তাহের বেশি বৈরী আবহাওয়ার কারণে ঘাটে অলস বসে আছে মাছ ধরার ট্রলারগুলো। ফলে সাগরে মাছ আহরণ বন্ধ রয়েছে। এর প্রভাবে বাজারে মাছ পাওয়া গেলেও দাম চড়া। কেউ কেউ আবার হিমায়িত মাছ বিক্রি করছেন। কালবৈশাখীর কারণে আবহাওয়া দপ্তর ৩ মে সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করে।
পাশাপাশি সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়। সংকেত বহাল থাকতে থাকতে ১০ মে নিম্নচাপ ও পরে ঘূর্ণিঝড় মহাসেন সৃষ্টি হয়। ফলে টানা সতর্ক সংকেত ও ৭ নম্বর বিপৎসংকেতের বেড়াজালে আটকে যায় সমুদ্রে মৎস্য আহরণ।
ঘূর্ণিঝড় কেটে গেলেও গতকাল শুক্রবারও ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল ছিল। এ কারণে গভীর সাগরে যাওয়ার নিষেধাজ্ঞা ছিল। তাই ট্রলার ও নৌকা নিয়ে জেলেরা মাছ শিকারে বের হতে পারছেন না। চট্টগ্রাম নগরের ফিশারিঘাটের প্রধান পাইকারি মাছের বাজার সরেজমিন দেখা গেছে, আড়তগুলো অনেকটা মাছশূন্য হয়ে রয়েছে। অল্প কিছু পুকুরের মাছ বাজারে এলেও তা নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়েছেন নগরের বিভিন্ন বাজারের খুচরা বিক্রেতারা। পুকুরের মাছের পাশাপাশি মিয়ানমারের কিছু হিমায়িত মাছও বিক্রি করতে দেখা যায়। তবে তাও খুব স্বল্প। ফলে দামও আকাশছোঁয়া।
ফিশারিঘাটের মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল হক সরকার বলেন, সাগরে ট্রলার যেতে না পারায় চাহিদা অনুযায়ী মাছ পাওয়া যাচ্ছে না। ফলে মাছের বাজার এখন চড়া। বিক্রির জন্য ব্যবসায়ীরা পর্যাপ্ত মাছ পাচ্ছেন না। কিছু হিমায়িত মাছ বিক্রি করছেন কেউ কেউ।
কাজীর দেউড়ির বিক্রেতা মো. জাকির জানান, ফিশারিঘাটে গিয়ে মাছের জন্য কাড়াকাড়ি পড়ে যায়। কোনো মাছ পাওয়া যাচ্ছে না। ফলে বাজারে মাছ নেই। যা আছে তার দাম একটু বাড়তি। সামুদ্রিক মৎস্য আহরণকারী বোট মালিক সমিতির হিসাবে, তিন হাজার ট্রলার কর্ণফুলীতে আশ্রয় নিয়েছে।
সমিতির সচিব মো. সাব্বির আহমেদ বলেন, দুই সপ্তাহ ধরে বৈরী আবহাওয়া চলছে। সব ট্রলার ঘাটে। এখন ঘূর্ণিঝড় কেটে যাওয়ায় সবাই প্রস্তুতি নিচ্ছে। দু-এক দিনের মধ্যে সাগরে যাবে ট্রলার।