সাগরে মিলছে মাছ, সংকট বরফের
সাগরে দীর্ঘদিন ইলিশ ও অন্যান্য মাছের দেখা না মিললেও দুই সপ্তাহ ধরে হঠাৎ করে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে মাছ ধরা পড়ছে। গত কয়েক দিনে সেন্ট মার্টিনের মৌলভীরশীল, মিস্ত্রিরবান, নয় বামেরশীল, পচাখালীর বাতিরদিয়া, চৌদ্দবাইন, ষোলবাইন, কক্সবাজার ও সুন্দরবনসংলগ্ন এলাকায় ইলিশের পাশাপাশি রূপচাঁদা, মলা, ছুরি, বেলে, চাপিলা মাছ প্রচুর পরিমাণে ধরা পড়ছে। জেলেদের নৌকাগুলো ভরে উঠছে মাছে। মাছভর্তি ইঞ্জিনচালিত শতাধিক নৌকা (ট্রলার) টেকনাফের ফিশারি ঘাটে ভিড় করছে। মাছ বেশি ধরা পড়লেও বরফ-সংকটের কারণে তা সংরক্ষণ করা যাচ্ছে না। ফলে মাছের দাম অর্ধেকে নেমে এসেছে। এতে জেলে ও ব্যবসায়ীরা হতাশ। বরফ-সংকটের কারণে মাছের গুণগত মানও ঠিক রাখা যাচ্ছে না। এসব মাছ ভালো দামে বিক্রি করতে পারছেন না জেলেরা। বরফ-সংকটের জন্য জেলে ও ব্যবসায়ীরা বিদ্যুৎ-বিভ্রাটকে দায়ী করেছেন।সরেজমিনে দেখা যায়, টেকনাফে কায়ুকখালিয়া, শাহপরীর দ্বীপ, বাহারছড়া ফিশারি ঘাটের পাইকারি বাজারের আড়তগুলোতে তিলধারণের ঠাঁই নেই। কয়েকজন জেলে জানান, মাছ পচে যাওয়ার আশঙ্কায় তাঁরা ও ট্রলারের মালিকেরা কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকায় ট্রাকে ভরে মাছ বিক্রির জন্য ছুটছেন।আড়তদার আবদুর রহমান জানান, বিদ্যুৎ-বিভ্রাটের কারণে স্থানীয় বরফকল থেকে চাহিদার ৪ ভাগের ১ ভাগও বরফ পাওয়া যাচ্ছে না। পচে যাওয়ার আশঙ্কায় জেলেরা পানির দরে মাছ বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এক সপ্তাহের ব্যবধানে ১২ হাজার টাকা দামের মাছ ছয় থেকে সাত হাজার টাকায় নেমে এসেছে। খোঁজ নিয়ে জানা গেছে, টেকনাফে সাতটি বরফকল থাকলেও বিদ্যুৎ-সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। ৭০ টাকা মূল্যের প্রতি ক্যান বরফ বর্তমানে ৪০০-৫০০ টাকায়ও পাওয়া যাচ্ছে না। অধিকাংশ সময় মাছে লবণ ছিটিয়ে রাখলে মাছের গুণগত মান নষ্ট হচ্ছে। কক্সবাজার ও চট্টগ্রাম থেকে বরফ এনেও পরিস্থিতি সামাল দিতে পারছেন না জেলেরা।টেকনাফে জেলে মুজিবুর রহমান, খোরশেদ আলম, নুর হোসেন ও আলী জোহা বলেন, ‘আঁরা এত দিন ইলিশ ন পাইয়ারে খুবই দুঃখত আচ্ছিলাম, এখন মাছ ধরা পইরলেও মাছর দাম ন পাইর। হাজার হাজার টিয়া ধার নিয়ারে মাছের জাল ও নৌকা মেরামত করি। কিন্তু এহন সময়মতো বরফ ন পাইয়ারে পানির দামত ইলিশ বেচির।’বাহারছড়া ও শাহপরীর দ্বীপের ফিশারি ঘাটের সভাপতি মো. মমতাজ ও সাধারণ সম্পাদক মৌলভি মো. আয়ুব বলেন, ‘সাগরে বেশি পরিমাণে মাছ ধরা পড়লেও বরফ-সংকটের কারণে দাম কমে গেছে।’ টেকনাফ পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক মো. কামাল হোসেন বলেন, চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন কম হওয়ায় লোডশেডিং করতে হয়। কিন্তু আগের তুলনায় এখন অনেক বেশি বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে বলে তিনি দাবি করেন।