সাগরে মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি গুলিবিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গোপসাগরে দুটি মাছ ধরা ট্রলারে মিয়ানমারের নৌবাহিনীর সদস্যরা গুলি চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সেন্ট মার্টিনের পূর্বে বঙ্গোপসাগরের মিস্ত্রিরবান এলাকায় গতকাল শনিবার ভোর চারটার দিকে এ ঘটনায় মোহাম্মদ আলম (৪০) নামে এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ জানান, গুলিবিদ্ধ আলম সেন্ট মার্টিন ইউনিয়নের পুবপাড়ার বাসিন্দা শামসুল আলমের ছেলে। তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ওসি মো. আবদুল মজিদ বলেন, ‘সাগরে দুটি ট্রলার লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন বলে শুনেছি। পরে ট্রলার দুটি নিরাপদে ফিরে এসেছে।’