বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগর উত্তাল থাকায় সাত দিন ধরে সাগরে মাছ ধরতে পারছেন না জেলেরা। এ কারণে জেলার ছোট-বড় প্রায় পাঁচ হাজার ট্রলার ঘাটে নোঙর করে রাখা হয়েছে। এসব ট্রলারের অন্তত ৭০ হাজার
জেলে বেকার জীবন কাটাচ্ছেন বলে জানান কক্সবাজার জেলা ফিশিংবোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান।
গতকাল বুধবার সকালে শহরের বাঁকখালী নদীর ফিশারিঘাট এলাকায় গিয়ে দেখা গেছে, কয়েক শ ট্রলার নোঙর করা আছে। এফবি মদীনা ট্রলারের জেলে ছৈয়দ করিম জানান, ছয় দিন ধরে তিনি ঘাটে বসে আছেন।
আরেকটি ট্রলারের জেলে মাহবুব আলম জানান, ট্রলার মালিকেরাও জেলেদের সাগরে পাঠাতে রাজি হচ্ছেন না। ফলে জেলেদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। এবার জেলেপল্লিতে ঈদের আনন্দ মাটি হবে।
কয়েক দিন ধরে মাছ ধরা বন্ধ থাকায় জেলার বিভিন্ন হাটবাজারে মাছের তীব্র সংকট চলছে। গতকাল শহরের বাহারছড়া বাজার, কালাইয়াবাজার, বড়বাজার, কালুরদোকান বাজার ঘুরে দেখা গেছে, তেলাপিয়া, চিংড়ি, বাটা, সরপুঁটি, পাঙাশ ছাড়া অন্য কোনো মাছ নেই।
বাহারছড়া বাজারে সকালে কয়েকটি ইলিশ, রুপচাঁদা, কালো চান্দা দেখা গেলেও তা আগের হিমায়িত মাছ।
বাহারছড়া বাজারের মাছ ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, বাজারে মাছের তীব্র সংকট চলছে। তাই মাছের দামও তিন গুণ বেড়ে গেছে। গতকাল ছোট আকৃতির রুপচাঁদা বিক্রি হয়েছে কেজি ১ হাজার ২০০ টাকা, বাটা ৬০০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২৫০ টাকা, চিংড়ি ছোট ৪০০ এবং বড় ৭০০ থেকে ৯০০ টাকা।