সাগরে লঘুচাপ, ৩ নম্বর সংকেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত আছে। লঘুচাপের কারণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল শুক্রবার বৃষ্টি হয়েছে। সাগর উত্তাল রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবদুর রহমান খান বলেন, লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের এক কর্মকর্তা বলেন, আজ শনিবার বোঝা যাবে, লঘুচাপটি কোন দিকে যাচ্ছে। গতিবিধি যা-ই হোক না কেন, এর প্রভাবে বৃষ্টি আরও বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, লঘুচাপটি সকাল ছয়টার দিকে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ৪০ কিলোমিটার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৯৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।