সাগরে সাত ট্রলার ডুবে ১৬ জেলে নিখোঁজ
বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে গত শনি ও রোববার মাছ ধরার সাতটি ট্রলার ডুবে ১৬ জন জেলে নিখোঁজ রয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: গলাচিপা (পটুয়াখালী): পটুয়াখালীর গলাচিপা উপজেলার সোনারচর ও রূপারচর-সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে পাঁচটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলারডুবির ঘটনায় মোসলেম গাজী (৬৫), বসু মাঝি (৫২) এবং নিবারণ মাঝি নামের (৫০) তিন জেলে নিখোঁজ রয়েছেন। ডুবে যাওয়া ট্রলারগুলোও উদ্ধার করা সম্ভব হয়নি। গলাচিপার মৌডুবি এলাকার জেলে মো. ফাকু বাহাউদ্দিন (৫০) জানান, শনিবার রাত দুইটার দিকে রূপারচরের কাছে মোসলেম গাজীর মাছ ধরার ট্রলার ডুবে যায়। কাছাকাছি থাকা অন্য ট্রলারগুলো ডুবে যাওয়া ট্রলার দুটির ২৩ জন জেলেকে উদ্ধার করে। তবে মৌডুবির কেউর হাওলা গ্রামের মোসলেম গাজীকে খুঁজে পাওয়া যায়নি। রোববার সকাল নয়টার দিকে বঙ্গোপসাগরের একই এলাকায় মৌডুবির মো. কাওছার মাঝি, ওহাব খাঁ ও কাশেম ফরাজির মাছ ধরার ট্রলার ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। ওই তিন ট্রলারের ৩৬ জন জেলেকেই কাছাকাছি থাকা ট্রলারের জেলেরা উদ্ধার করেন। গলাচিপার চরমোন্তাজ গ্রামের জেলে এলমেশ মাঝি জানান, শনিবার রাতে সোনারচর এলাকায় বঙ্গোপসাগরে বসু মাঝির ট্রলারটি ১২ জন জেলেসহ ডুবে যায়। এদের মধ্যে বসু মাঝি ও নিবারণ মাঝি নিখোঁজ। ওই রাতেই একই এলাকায় ছিদ্দিক মাঝির ট্রলার ডুবে যায়। উপজেলা ম ৎ স্য কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ‘আমরা এ পর্যন্ত ট্রলারডুবির ঘটনায় তিন ব্যক্তি নিখোঁজ রয়েছে বলে তথ্য পেয়েছি।’পটুয়াখালী: রোববার সকাল সাতটার দিকে কুয়াকাটা থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীর সাগরে এফবি হাসিনা শ্রাবণ ও এফবি ইসলাম নামের দুটি ট্রলার ২৮ জন জেলেসহ ডুবে যায়। তাঁদের মধ্যে ১৫ জন জেলেকে উদ্ধার করে মহীপুর ম ৎ স্য বন্দরে আনা হয়। মহীপুর ম ৎ স্য আড়তদার সমিতির সভাপতি ফজলু গাজী জানান, বাকি ১৩ জন জেলেকে উদ্ধারে চেষ্টা চলছে।