সাগরে হঠাৎ প্রচুর ইলিশ জেলেদের মুখে হাসি
ইলিশের মৌসুম না হলেও সাগরে হঠাৎ প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ছে। সেন্ট মার্টিন, শাহপরীর দ্বীপ, সাবরাং, বাহারছড়া ও নয়াপাড়ায় গত কয়েক দিনে প্রায় ৫০০ টন ইলিশ ধরা পড়েছে।টেকনাফের মৎস্য আড়ত সূত্রে জানা গেছে, ১০-১২ দিন ধরে প্রতিদিন গড়ে দেড় থেকে দুই হাজার মণ ইলিশ রপ্তানি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, সাধারণত ইলিশের মৌসুমে গড়ে প্রতিদিন তিন-চার হাজার মণ মাছ আড়তে আসে। আগে এ সময় টেকনাফের মৎস্য আড়তের অর্ধশত আড়তদার অবসর সময় কাটাতেন। কিন্তু এবার কেউ বসে নেই।সাগরের বিভিন্ন এলাকায় জেলেদের পেতে রাখা জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। জেলেরা ইলিশ ধরতে আর ব্যবসায়ীরা কেনাবেচায় ব্যস্ত হয়ে পড়েছেন।গতকাল শনিবার বিভিন্ন আড়ত ঘুরে দেখা গেছে, আড়তদারেরা ৬০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ ১৪ হাজার টাকা মণ দরে (সাড়ে ৩০০ টাকা কেজি) বিক্রি করছেন। তবে খুচরা বাজারে প্রতি কেজি ৪৫০-৫৫০ টাকায় বিক্রি হচ্ছে।স্থানীয় আড়তদার মো. আয়ুব ও নুরুল আমিন ২০-২৫ বছর ধরে আড়তে ইলিশ কেনাবেচা করছেন। তাঁদের দাবি, এ সময়ে এত ইলিশ তাঁরা আগে কখনো দেখেননি। তাঁরা জানান, যেসব ব্যবসায়ী ও জেলে ঋণগ্রস্ত ছিলেন, তাঁরা এ ইলিশ বিক্রি করে দেনা শোধ করছেন।আড়তের ব্যবসায়ী জামাল আহমদ বলেন, ‘অসময়ে এত ইলিশ এই প্রথম মিলল। সরকার জাটকা রক্ষায় আরও কঠোর হলে আরও সাফল্য আসবে।’শাহপরীর দ্বীপের ইলিশ বিক্রেতা মো. শাহাজান বলেন, ‘আমরা যারা আড়তদারদের কাছ থেকে ঋণ নিয়েছিলাম, তারা সবাই দেনা শোধ করতে পারছি।’উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফ উদ্দিন প্রথম আলোকে বলেন, টেকনাফের মৎস্য আড়তে ফেব্রুয়ারির ১ থেকে ১১ তারিখ পর্যন্ত প্রায় ৫৫০ টন ইলিশ এসেছে। এর মধ্যে সেন্ট মার্টিন ও শাহপরীর দ্বীপ থেকে ৩০০ এবং সাবরাং, বাহারছড়া ও নয়াপাড়া থেকে ২৫০ টন ইলিশ এসেছে। তিনি বলেন, সরকার জাটকা নিধন বন্ধ কার্যক্রম পরিচালনার কারণে সাগরে প্রচুর ইলিশ ধরা পড়ছে।