কক্সবাজার সমুদ্র উপকূলে ঝোড়ো হাওয়ায় ১০টি ট্রলারডুবির ঘটনায় ৫৩ জন জেলে নিখোঁজ রয়েছেন।কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, মঙ্গল ও বুধবার রাতে ঝোড়ো হাওয়া এবং কালবৈশাখীতে ১০টি ট্রলার ডুবে গেছে। ট্রলারগুলোতে ১৫৭ জন জেলে ছিলেন। তাঁদের মধ্যে ১০৪ জনকে মাছধরার অন্যান্য ট্রলার উদ্ধার করলেও এখন পর্যন্ত ৫৩ জন নিখোঁজ। তিনি বলেন, সাগর প্রচণ্ড উত্তাল। ফলে ঝুঁকি নিয়ে নিখোঁজ জেলেদের সন্ধানে গভীর সাগরে ট্রলার পাঠানো যাচ্ছে না।বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ জানান, ঝোড়ো হাওয়ায় এফবি জান্নাতুল ফেরদৌস, এফবি শামীম, এফবি ইসমা, এফবি জারিন, এফবি কোহিনুর, এফবি আল্লাহর দান, এফবি শিউলী, এফবি শাহিনসহ ১০টি ট্রলার ডুবে যায়। তার মধ্যে শহরের বড়বাজারের মো. ইউনুসের মালিকানাধীন এফবি জান্নাতুল ফেরদৌস ট্রলারের ১৫ জন, পেশকারপাড়ার শওকতুল ইসলামের এফবি শাহিনের ছয়জন, আবু বক্কর ছিদ্দিকের এফবি ইসমার ১৪ জন, টেকপাড়ার আবদুল মাবুদের এফবি কোহিনুরের ১৫ জন ও মহেশখালীর কুতুবজোমের সিরাজুল ইসলামের এফবি আল্লাহর দান ট্রলারের তিন জেলে নিখোঁজ রয়েছেন। এফবি শাহিন ট্রলারের মালিক শওকত ইসলাম বলেন, তাঁর একটি ট্রলার ডুবে গেছে। ওই ট্রলারে ১২ জন জেলে ছিলেন। পরে আরেকটি মাছধরার ট্রলার ছয় জেলেকে উদ্ধার করলেও অপর ছয় জেলের সন্ধান মিলছে না।কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের কার্যালয় সূত্র জানায়, তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত বলবৎ রয়েছে। বর্তমানে সাগর উত্তাল। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বজ্রবৃষ্টিসহ উপকূলে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বঙ্গোপসাগরে মাছধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে।গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে শহরের ফিশারিঘাটে গিয়ে দেখা গেছে, সাগর থেকে কয়েক হাজার ট্রলার ফিরে এসেছে। আরও কয়েক হাজার ট্রলার মহেশখালীর গোরকঘাটা, টেকনাফের শাহপরীর দ্বীপ ও সেন্ট মার্টিন ঘাটে অবস্থান করছে বলে জানা গেছে।