সাগরে ১১ জেলেকে হত্যার সাত দিনেও লাশ মেলেনি
‘আব্বায় কইছিল সাগর গোনে ফিইর্যা আইয়্যা মোরে স্কুলের ব্যাগ কিইন্না দেবে। মোর বাবায় আর কোনো দিন ফেরবে না, আর মোরে ব্যাগও কিইন্না দেবে না।’ কথাগুলো বলতে গিয়ে ছোট্ট সাদিয়ার চোখ দিয়ে বেরিয়ে আসে জলের ধারা। বাবা ও ভাইয়ের ছবি হাতে কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছিল সে।গত শুক্রবার সকালে বরগুনার পাথরঘাটা জিয়া মাঠসংলগ্ন জেলেপল্লিতে গিয়ে এ রকম কান্না আর আহাজারি দেখা গেল। এই পল্লির নিহত ১০ জেলের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। নিহত মাঝি সৈয়দ আলমের মেয়ে সাদিয়া তৃতীয় শ্রেণীতে পড়ে। ছেলে সোহাগ ও স্বামী সৈয়দ আলমের নিহত হওয়ার খবর শোনার পর থেকে সাদিয়ার মা খাদিজা বেগম অনেকটা দিগ্ভ্রান্ত।১ জানুয়ারি রাতে বরগুনার পাথরঘাটা উপজেলার শাহ আলম খানের মালিকানাধীন এফবি ইসরাত নামের ট্রলারটি নিয়ে ১৬ জন জেলে সাগরে মাছ ধরতে যান। তাঁদের মধ্যে ১১ জন বাংলাদেশি ও বাকি পাঁচজন ছিলেন মিয়ানমারের রোহিঙ্গা। ওই রোহিঙ্গারাই পরিকল্পিতভাবে ১১ বাংলাদেশি জেলেকে হত্যা করে ট্রলার নিয়ে পালাচ্ছিলেন। ৬ জানুয়ারি রাতে কক্সবাজারের উখিয়া সমুদ্র উপকূলে পাটোয়ারটেক এলাকায় ইঞ্জিন বিকল হলে স্থানীয় জেলেদের সহায়তায় পুলিশ ট্রলারসহ রোহিঙ্গা নাগরিক হামিদুলকে আটক করে। এর আগে ট্রলারের অপর চার রোহিঙ্গা পালিয়ে যান। শুক্রবার পর্যন্ত হতভাগ্য জেলেদের লাশের সন্ধান পাওয়া যায়নি। নিহত জেলেরা হলেন: পাথরঘাটা উপজেলার বেল্লাল হোসেন (১৮), সৈয়দ আলম মাঝি (৬০), তাঁর ছেলে সোহাগ (১৮), জাফর আলম (৩৫), আব্বাস উদ্দিন (২০), বাবুল মিস্ত্রি (৪২), সিদ্দিকুর রহমান (৪৫), আবুল বাশার (২৫), আবুল কালাম (৪০), মেহেদী হাসান (৪৪) এবং কক্সবাজারের মহেশখালীর ঘটিভাঙ্গা গ্রামের জসিম উদ্দিন (২১)।হামিদুল হককে গত মঙ্গলবার উখিয়া থানার পুলিশ কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তরের পর তিনি গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন। হামিদুলকে জিজ্ঞাসাবাদকারী দলের প্রধান ও কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. বাবুল আকতার গতকাল প্রথম আলোকে জানান, ট্রলারটি লুট করতেই রোহিঙ্গা জেলেরা ১১ জন বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করেন। এর আগে তাঁদের রাতের খাবারে কৌশলে বিষ মিশিয়ে দেওয়া হয়। তিনি আরও জানান, হামিদুলকে গত বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ট্রলারের মালিক বা নিহত জেলেদের পরিবারের পক্ষ থেকে পাথরঘাটা থানায় মামলা করা হলে তাঁকে সেখানে পাঠানো হবে। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম খান ফারুকি গতকাল বলেন, কক্সবাজার থানা থেকে তাঁদের কাছে একটি তারবার্তা এসেছে যে হামিদুলকে ৫৪ ধারায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ট্রলারের মালিকের প্রতিনিধি সেন্টু খান জানান, তিনি কক্সবাজার থেকে ফিরে শনিবার সন্ধ্যায় মামলা করেছেন।