সাগরে ১২ জেলেসহ ট্রলার নিখোঁজ
বঙ্গোপসাগরে ১১ জন জেলেসহ মাছ ধরার একটি ট্রলার চার দিন ধরে নিখোঁজ রয়েছে। বিকল ওই ট্রলারের জেলে বৃহস্পতিবার বাগেরহাটের শরণখোলায় ফিরে এ তথ্য জানান।বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কুমারখালী গ্রামের আবদুল লতিফ শিকদার (৫০) জানান, ছেলে রুবেল শিকদারসহ ১১ জন জেলেকে নিয়ে এফবি রহিমা নামের একটি ট্রলারে করে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন। তাঁদের সঙ্গে ট্রলারের মালিক হাতেম আলী মোল্লার ছেলে কামালও (২৫) ছিলেন। ২ আগস্ট সুন্দরবনের ছাপরাখালীর চর থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণে সাগরে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় অন্যদের ট্রলারে রেখে আরেকটি ট্রলারে করে মঙ্গলবার পটুয়াখালীর মহিপুরে ফেরেন তিনি। কিন্তু বিকল ট্রলারের অন্য ১১ জনকে উদ্ধারে যেতে কোনো ট্রলারের ব্যবস্থা করতে ব্যর্থ হয়ে গত বৃহস্পতিবার বিকেলে তিনি বাগেরহাটের শরণখোলায় এসে ট্রলার মালিক হাতেম আলীকে ঘটনা জানান। লতিফ বলেন, ‘আমি কীভাবে তাঁদের মধ্যি থেকে রুবেলকে সঙ্গে আনতাম। তাঁদের সাহস দিতি তাই তারে আল্লাহর হাতে ছেড়ে দিয়ে আইছি।’ নিখোঁজ জেলেদের বাড়ি বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ ও কচুয়া উপজেলায়।শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক সাগরে ১১ জেলে নিখোঁজ হওয়ার সত্যতা স্বীকার করে বলেন, গভীর সমুদ্রে তাঁদের খোঁজ করার মতো ব্যবস্থা থানার পুলিশের নেই। তবে বিষয়টি সাগরগামী স্থানীয় জেলেদের জানিয়ে রাখা হয়েছে।