সাগরে ১৩টি ট্রলারে জলদস্যুদের হানা মাছ ও জাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে বৃহস্পতিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত জেলেদের ১৩টি ট্রলারে হানা দিয়েছে জলদস্যুরা। প্রত্যক্ষদর্শী ও জলদস্যুদের কবলে পড়া জেলেরা জানান, বঙ্গোপসাগরের পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ থেকে দক্ষিণে শিপচরের কাছে বৃহস্পতিবার বিকেল থেকে ২০-২২ জনের একদল জলদস্যু দ্রুতগামী ট্রলার নিয়ে জেলেদের ট্রলারে হানা দেয়। এ সময় কয়েকজন দস্যুর হাতে আগ্নেয়াস্ত্রও ছিল।জাহাঙ্গীর মাঝি নামের চরমোন্তাজ ইউনিয়নের এক জেলে জানান, দস্যুরা তাঁর ট্রলার থেকে প্রায় চার লাখ টাকার মাছ ও জাল অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। এ সময় দস্যুদের হামলায় তাঁর ট্রলারের জেলে মিলন (৩৫), সোহেল (৩৮), মনির (৩০), নূরজামাল (৫০), কামাল হোসেন (৪২) এবং তিনি নিজে আহত হন।অপর এক ট্রলারের মালিক ভোলার চরফ্যাশন উপজেলার চর কুকরি-মুকরি ইউনিয়নের মো. আকবর আলী জানান, জলদস্যুরা নৌবাহিনীর পোশাকের আদলে বানানো পোশাক পরে জেলেদের ট্রলারে হামলা করেছে। বৃহস্পতিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত শিপচরের কাছাকাছি এলাকায় ১৩টি ট্রলারে হামলা করে কমপক্ষে ১০ লাখ টাকার মাছ ও জাল লুট করে নিয়ে যায়।এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম বলেন, ‘সাগরে জলদস্যুদের হামলার বিষয়টি আমরা জেনেছি। জলদস্যুদের ধরার জন্য পুলিশ তৎপর রয়েছে।’