সাগরে ২০ ট্রলারে ডাকাতি, আটক ১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার বঙ্গোপসাগরের উপকূল এবং সুন্দরবনসংলগ্ন লালদিয়া এলাকায় গত তিন দিনে ২০টি ট্রলারে ডাকাতি হয়েছে। কোস্টগার্ডের সদস্যরা গতকাল সোমবার লালদিয়া এলাকা থেকে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে ১১ জনকে আটক করেছে।
আটক ব্যক্তিরা হলেন ফোরকান হাওলাদার, রিয়াজ হাওলাদার, নাসির হাওলাদার, জোহান হাওলাদার, জহিরুল ইসলাম, জাকারিয়া, মাহবুব হাওলাদার, গোলাম রসুল, মিরাজ খন্দকার, মো. মানিক ও আবদুর রাজ্জাক। কোস্টগার্ড গতকালই তাঁদের পাথরঘাটা থানায় হস্তান্তর করে।
জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, লালদিয়া এলাকায় গতকাল ভোরে মাছ ধরছিলেন জেলেরা। এ সময় সেখানে থাকা মাছ ধরার পাঁচটি ট্রলারে জলদস্যুরা হামলা চালায়। এর আগে সুন্দরবনের লালদিয়া ও বঙ্গোপসাগরে আরও ১৫টি ট্রলারে ওই দস্যু বাহিনী হামলা চালায়। এতে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে আলম হাওলাদার, আবুল বাশার ও হারুন হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার আবদুর রউফ দাবি করেন, লালদিয়ায় ট্রলারে ডাকাতি হচ্ছে, এ খবর পেয়ে জেলেদের সহযোগিতায় সেখানে অভিযান চালিয়ে একটি ট্রলারসহ ১১ জলদস্যুকে আটক করে পাথরঘাটা কোস্টগার্ড। তাদের কাছ থেকে তিনটি দা, চারটি চাপাতি, একটি চাকু, চারটি মুঠোফোন ও একটি ট্রলারের যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।