সাগরে ২০ ট্রলারে ডাকাতি ও ১৫জেলেকে অপহরণ
বঙ্গোপসাগরের সুন্দরবনসংলগ্ন মান্দারবাড়িয়া ও বাইজদি এলাকায় গত দুই দিনে (রোববার ও সোমবার) অন্তত ২০টি ট্রলারে ডাকাতি ও ১৫ জেলেকে অপহরণের খবর পাওয়া গেছে। জলদস্যুরা জনপ্রতি তিন লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহূত ব্যক্তিদের সুন্দরবনের গহিনে নিয়ে গেছে।
এদিকে পাথরঘাটা কোস্টগার্ড সূত্র জানায়, গত শনিবার অপহূত ২০ জেলে ও এফবি আবদুল্লাহ ট্রলারটি গতকাল সোমবার দুপুরে সুন্দরবনের বুলাটদিয়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
ফিরে আসা জেলেদের বরাত দিয়ে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, মান্দারবাড়িয়া ও বাইজদি এলাকায় গত দুই দিনে ২০টি ট্রলারে হামলা চালিয়ে ১৫ জেলেকে অপহরণ করেছে দস্যুরা। সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকায় জলদস্যু রাজু বাহিনী ও বাইজদি এলাকায় শীর্ষ বাহিনী জেলেদের অপহরণ করে। অপহূত জেলেদের মধ্যে কয়েকজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন এফবি বশির ট্রলারের রফিক মাঝি, এফবি শান্ত ট্রলারের খালেক মাঝি ও এফবি আল্লাহর দান ট্রলারের শফিক মাঝি। তাঁদের বাড়ি পাথরঘাটা উপজেলায়।