সাগরে ২০ ট্রলারে হামলা ৩০ জেলেকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরের সোনারচর ও গাঙ্গের আইন এলাকায় ২০টি ট্রলারে হামলা চালিয়ে একটি ট্রলারসহ ৩০ জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। এ সময় ট্রলারগুলো থেকে প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে দস্যুরা।
প্রত্যক্ষদর্শী জেলেদের বরাত দিয়ে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী গতকাল রোববার এ খবর নিশ্চিত করেছেন।
বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান মাঝি জানান, সাগরের সোনারচর ও গাঙ্গের আইন এলাকায় শনিবার দিবাগত গভীর রাত থেকে গতকাল রোববার ভোর পর্যন্ত কমপক্ষে ২০ ট্রলারে হামলা চালায় জলদস্যুরা। এ সময় নৌযানগুলোতে থাকা মাছ, জাল, যন্ত্রাংশ, মুঠোফোন, খাদ্যদ্রব্যসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে তারা। যাওয়ার সময় এফবি আবদুল্লাহ ট্রলারসহ ৩০ জেলেকে অপহরণ করে নিয়ে যায় দস্যু বাহিনী।
অপহূতদের মধ্যে ১২ জনের নাম জানা গেছে। তাঁরা হলেন ছগির হোসেন, ইউসুফ আলী, আইউব আলী, কাঞ্চন আলী, পান্না মিস্ত্রী, জলিল হোসেন, সোহরাব হোসেন, আবদুল হালিম, জাকির হোসেন, ইউনুচ, বেল্লাল হোসেন ও খলিল মাঝি। এদের সবার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়।
ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা বলেন, জলদস্যুরাও ট্রলারে করে জেলে সেজে এসে এ হামলা চালায়।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. শহিদ আল হাসান বলেন, ‘এ ঘটনায় এখানো আমাদের কাছে কেউ অভিযোগ করেনি।’