সাগরে ৫০ ট্রলারে ডাকাতি গুলিতে এক মাঝি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার কমপক্ষে ৫০টি ট্রলারে ডাকাতি হয়েছে। গত বুধবার বিকেল থেকে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের গুলিতে এক মাঝি নিহত ও চারজন আহত হয়েছেন। ডাকাতেরা সাত জেলেসহ ১২ জনকে অপহরণ করেছে। নিহত ব্যক্তির নাম মো. আলমগীর হোসেন (৫০)। তিনি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার একটি ট্রলারের মাঝি ছিলেন। গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন আবু মিয়া (৪০), নুর সাইদ (৪২), হোসেন মিয়া (৪০) ও নয়া মিয়া (৩৮)। সাগর থেকে ফিরে আসা ডাকাতির শিকার মহিপুরের এফবি শিরীন ট্রলারের মালিক আবুল কাশেম জানান, বুধবার দুপুরে দুই দল ডাকাত (জুলফিকার ও রাজু-আব্বাস বাহিনী) সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী গুলিবিনিময় চলে। একপর্যায়ে ডাকাতেরা দুই দিক থেকে নিরীহ জেলেদের ওপর হামলা চালায়। শুরু করে গণডাকাতি। শরীফপুর মত্স্যজীবী সমবায় সমিতির একটি ট্রলারের মাঝি নয়া মিয়া জানান, ডাকাতেরা অন্তত ৫০টি ট্রলারের মাছ, নগদ টাকা ও জ্বালানি তেল নিয়ে গেছে। অপহরণ করেছে পাঁচ মাঝিসহ ১২ জন জেলেকে। মত্স্য বন্দর মহিপুরের এফবি ভাই ভাই ট্রলারের নেছার মাঝির (৪৫) অপহূত হওয়ার খবর নিশ্চিত করেছেন ট্রলারের মালিক মো. ফুল মিয়া। এফবি মমিন ট্রলারের এক মাঝিও অপহূত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। ডাকাতির শিকার হওয়া ট্রলারগুলো গতকাল সন্ধ্যা থেকে মত্স্য বন্দর মহিপুরে ফিরে আসতে শুরু করেছে। কুয়াকাটার খাজুরা এলাকার এফবি মায়ের দোয়া ট্রলারের মালিক আছমত আলী বলেন, ‘ফের সাগরে মাছ ধরতে গেলে ডাকাতেরা টোকেন নিতে বলেছে। নইলে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছে।’মহিপুর-আলীপুর মত্স্যজীবী সমবায় সমিতির সভাপতি মো. ফজলু গাজী জানান, প্রায় ১৫ দিন ইলিশের আকালের পর গত মঙ্গলবার রাত থেকে জেলেদের জালে ইলিশ ধরা পড়তে শুরু করে। কিন্তু বুধবার দুপুর থেকে ডাকাতদের হামলা শুরু হয়। তাই জেলে, মত্স্য আড়তদার ও ট্রলার মালিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ট্রলার নিয়ে জেলেরা যে যেভাবে পারছে তীরে ফিরছে। মহিপুর পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক মো. আবুল কাশেম জানান, ডাকাতের গুলিতে আলমগীর মাঝির মৃত্যু এবং নুর ছায়েদ নামের আরেক জেলে গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পেয়েছি।