সাগরে ৭২ ট্রলারে ডাকাতি ৭৭ জেলেকে অপহরণ
পটুয়াখালীর কলাপাড়া এবং বাগেরহাটের শরণখোলাসংলগ্ন বঙ্গোপসাগরে গত সোমবার অন্তত ৭২টি ট্রলারে ডাকাতি হয়েছে। এ সময় জলদস্যুদের গুলিতে ফারুক মুন্সী (৩০) নামে এক জেলে নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন ১০ জন। জলদস্যুরা অন্তত ৭৭ জন জেলেকে অপহরণ করে নিয়ে গেছে। জলদস্যুদের গুলিতে আহত কালু মিয়াকে (৩৫) কলাপাড়া উপজেলার মহিপুর উপস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। কলাপড়ায় জলদসু্যুদের কবলে পড়া এফবি সেতু ট্রলারের মালিক রাজেস্বর দাস, এফবি সোনা মিয়া ট্রলারের মালিক সোনা মিয়া চাকলাদার ও সাগর থেকে ফেরা জেলে নুরু মিয়া জানান, সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে গভীর রাত পর্যন্ত ২০-২২ জন সশস্ত্র জলদস্যু কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতি, ঢোস, বাইলাবুনিয়া, কলাগাছিয়া, চরমোন্তাজ ও মৌডুবী এলাকায় অন্তত ৫০টি মাছ ধরার ট্রলারে হানা দেয়। এ সময় তারা ট্রলারের জেলে ও মাঝিদের কাছ থেকে টাকা, মাছ, জ্বালানি লুট করে নিয়ে যায় এবং জেলে ও মাঝিদের মারধর করে। অপহরণ হওয়া জেলেদের মধ্যে ইদ্রিস মাঝি, আবদুল মোমিন, ফারুক মাঝি, বশির মাঝি, শাহআলম মাঝি, শাহবুদ্দিন মাঝি ও মো. সাইদুলের নাম জানা গেছে।ভুক্তভোগী জেলে আবদুর রহিম জানান, জলদস্যুরা তাঁদের ট্রলারে থাকা জেলে ফারুক মুন্সীকে গুলি করে হত্যা করে সাগরে ফেলে দিয়েছে। গতকাল এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফারুক মুন্সীর লাশ উদ্ধার হয়নি। তাঁর বাড়ি কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তুলাতলী গ্রামে। এফবি মায়ের দোয়া ট্রলারের মালিক হাজি মাসুদ জানান, জলদস্যুরা মাঝি ও জেলেদের অপহরণ করে নিয়ে যাওয়ার সময় মুক্তিপণ হিসেবে ছোট ট্রলারের জেলেদের জন্য এক লাখ এবং বড় ট্রলারের জেলেদের জন্য দেড় লাখ টাকা দাবি করেছে।কোস্টগার্ডের কলাপাড়া স্টেশন কমান্ডার নুরুল ইসলাম জানান, পাথরঘাটা থেকে কোস্টগার্ডের একটি দল সুন্দরবন এলাকায় অভিযানে নেমেছে।কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসহাক আলী বলেন, ‘মৌখিকভাবে ট্রলারের মালিক ও জেলেরা আমাকে ঘটনা জানিয়েছেন। তবে কেউ লিখিত অভিযোগ দেননি।’ বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনসংলগ্ন গঙ্গামতি ও নারিকেলবাড়িয়া এলাকায় বঙ্গোপসাগরে জলদস্যুরা সোমবার গভীর রাতে মাছ ধরার ২২টি ট্রলারে হামলা চালিয়ে অন্তত দশ লাখ টাকার ইলিশ ও জাল লুটে নিয়েছে। দস্যুরা এফবি গাজী শাহজাহান নামে একটি ট্রলার লুট এবং ২৭ জন জেলেকে অপহরণ করে নিয়ে গেছে। সুন্দরবনকেন্দ্রিক জলদস্যু রাজু, আব্বাস ও কৃষ্ণসাগর বাহিনীর সদস্যরা যৌথভাবে এই তাণ্ডব চালায় বলে ভুক্তভোগী জেলেরা জানিয়েছেন।ইলিশ মৌসুমের শুরুতেই বঙ্গোপসাগরে সুন্দরবনকেন্দ্রিক অন্তত দশটি জলদস্যু বাহিনী সক্রিয় হয়ে ওঠায় দক্ষিণ উপকূলে প্রায় দেড় লাখ সমুদ্রগামী জেলে চরম আতঙ্কে আছেন।ফিরে আসা জেলেরা জানান, সোমবার দিবাগত রাত একটার দিকে সুন্দরবনসংলগ্ন গঙ্গামতি এলাকার বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ২০-২২ জন সশস্ত্র জলদস্যু এফবি গাজী শাহজাহান, এফবি স্বাধীন, এফবি মায়ের দোয়াসহ ১৫টি ট্রলারে লুটপাট চালায়। লুটপাটের পর তারা মো. শাহজালাল, লোকমান, বশির, আল আমিন, জামালসহ ১৮ জন জেলেকে অপহরণ করে নিয়ে যায়। এসব জেলের বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে।একই রাতে সুন্দরবনের নারিকেলবাড়িয়া এলাকার বঙ্গোপসাগরে মাছ ধরার সময় রাজু ও আব্বাস বাহিনীর জলদস্যুরা মাছ ধরার সাতটি ট্রলারে হামলা চালায়। এসব ট্রলারের প্রায় পাঁচ লাখ টাকার মাছ ও জাল লুট করে নেয় তারা। লুটপাট শেষে তারা অস্ত্রের মুখে এসব ট্রলারের নয়জন জেলেকে অপহরণ করে নিয়ে যায়। এসব জেলের বাড়ি পাথরঘাটার বিভিন্ন গ্রামে। অপহূত জেলেদের মধ্যে নবী হোসেন ও কাইয়ুমের নাম জানা গেছে। পাথরঘাটা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, জলদস্যুরা বর্তমানে যেভাবে বেপরোয়া হয়ে উঠেছে, তাতে আর ট্রলার নিয়ে সাগরে যাওয়ার পরিবেশ নেই। এ অবস্থায় এখন কোনো জেলে সাগরে যেতে চাইছে না। কোস্টগার্ড পাথরঘাটা ঘাঁটির কন্টিনজেন্ট কমান্ডার লে. মুশফিক গতকাল বলেন, ‘দুটি ডাকাতির ঘটনা জেলেদের কাছে শুনেছি। এরপর কোস্টগার্ডের পশ্চিম জোনের একটি দল ওই এলাকায় অভিযান শুরু করেছে।’