উৎপাদন অংশীদারি চুক্তির (পিএসসি) আওতায় বঙ্গোপসাগরে ১০, ১১ ও ৫ নম্বর ব্লক কনোকো ফিলিপস ও তাল্লোকে ইজারা দেওয়ার চুক্তি করলে জনগণ তা মানবে না। রপ্তানির বিধান রেখে এ ধরনের চুক্তি আত্মঘাতী হবে। এতে জ্বালানি নিরাপত্তা ও জ্বালানি সম্পদের ওপর দেশের কর্তৃত্ব ক্ষতিগ্রস্ত হবে।সরকার এ ধরনের চুক্তি করতে যাচ্ছে—এ খবরের প্রতিবাদে গতকাল শনিবার নগরে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি আয়োজিত সমাবেশে বক্তারা এ কথা বলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পল্টন মোড়ে এসে শেষ হয়।জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ। এতে বক্তব্য দেন সদস্যসচিব আনু মুহাম্মদ, লেখক সৈয়দ আবুল মকসুদ, রুহিন হোসেন, বজলুর রশিদ প্রমুখ। বক্তারা জনগণকে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।বক্তারা বলেন, মডেল পিএসসি ২০০৮-এ বলা হয়েছে, বাংলাদেশ সর্বোচ্চ ২০ শতাংশ গ্যাস পাবে। আর ৮০ শতাংশ নির্দিষ্ট করে বাংলাদেশকে কেনার অধিকার দেওয়া হবে। তা কিনতে না পারলে তেল-গ্যাস রপ্তানি করা হবে। এই শর্ত একটা বিরাট চাতুরি। কারণ এই গ্যাস আমাদের দেওয়া হবে ১৫০ মাইল দূরে সমুদ্রকূপে।বক্তারা আরও বলেন, সমুদ্রকূপ থেকে উপকূলে গ্যাস পরিবহন করার জন্য বিদেশি কোম্পানির কোনো বাধ্যবাধকতা নেই। আমাদের জন্য এই পরিবহন আর্থিক ও কারিগরি সামর্থ্যের দিক থেকে অলাভজনক। কার্যত শতকরা ১০০ ভাগ গ্যাস বিদেশে রপ্তানি করাটাই হবে মূল কথা। সমাবেশে বক্তারা এ ধরনের অপতৎপরতা বন্ধ করতে আহ্বান জানিয়ে বলেন, বহুজাতিক কোম্পানির সঙ্গে এ ধরনের চুক্তি হবে দেশের জন্য আত্মঘাতী, যার দায় সরকারকেই বহন করতে হবে। সমাবেশে কাল সোমবার দেশব্যাপী কালো পতাকা মিছিল, বেলা ১১টায় মুক্তাঙ্গনে সমাবেশ ও পেট্রোবাংলা অভিমুখে কালো পতাকা মিছিলের কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। সমাবেশ ও বিক্ষোভ মিছিলে ওয়ার্কার্স পার্টির মোজাম্মেল হক, জাতীয় গণফ্রন্টের টিপু বিশ্বাস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, পানিবিশেষজ্ঞ এনামুল হক, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকী প্রমুখ উপস্থিত ছিলেন।