সাগরের ঢেউয়ে বিলীন হচ্ছে ১৩ কোটি টাকার বাঁধ
নির্মাণকাজ শেষ না হতেই সাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে বিলীন হয়ে যাচ্ছে কক্সবাজারের মহেশখালী উপজেলার উপকূলীয় দ্বীপ ধলঘাটার প্রায় ১৩ কোটি টাকার নির্মাণাধীন বেড়িবাঁধ। এ কারণে দুর্যোগের ঝুঁকিতে পড়েছে এলাকার অন্তত ৪০ হাজার মানুষ।ধলঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহসান উল্লাহ প্রথম আলোকে বলেন, সাগরের উত্তাল ঢেউ থেকে বাঁধসহ এলাকাকে রক্ষা করতে হলে অবশ্যই সিসি ব্লক বসাতে হবে। তা না হলে বাঁধ রক্ষা দূরের কথা, পুরো এলাকাটিই বিলীন হয়ে যাবে।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গত বছরের জুলাই মাসে প্রায় সাড়ে ছয় কিলোমিটার অরক্ষিত বাঁধ সংস্কারের জন্য প্রায় ১৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ধলঘাটা ইউনিয়নের সুতরিয়ার দক্ষিণ থেকে মাতারবাড়ী সাইরার ডেইলের দক্ষিণ এলাকা পর্যন্ত সাড়ে পাঁচ কিলোমিটার বেড়িবাঁধ সংস্কার করা, প্রায় ৭৫০ মিটার বাঁধ নতুন করে নির্মাণ করা এবং ১ দশমিক ২২ কিলোমিটার বেড়িবাঁধে সিসি ব্লক স্থাপন করার কার্যাদেশ দেওয়া হয়। এই কাজের দায়িত্ব পায় ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড। কার্যাদেশ অনুযায়ী গত বছরের ১৫ অক্টোবর কাজ শুরু হয়ে চলতি বছরের ১৫ মের মধ্যে তা শেষ হওয়ার কথা। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে এখনো সেই কাজ পুরোপুরি শেষ করতে পারেননি ঠিকাদার।ঠিকাদারের পক্ষে বাঁধ সংস্কার প্রকল্পের কাজ দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রাশেদুল হক প্রথম আলোকে বলেন, ‘সাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নির্মিত বেড়িবাঁধের কিছু কিছু স্থানে ভেঙে যায় এবং প্রায় ১০০ মিটার বাঁধ একেবারে বিলীন হয়ে গেছে।’ তিনি বলেন, ‘ইতিমধ্যে বেশ কয়েকবার বেড়িবাঁধ নির্মাণের কাজ শেষ করা হলেও তা আবার সাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে বিলীন হয়। তাই আগামী মাসের মধ্যে বিভিন্ন স্থানে ভেঙে যাওয়া বাঁধ আবার নির্মাণ করা হবে।’এলাকাবাসী জানান, গত ২ সেপ্টেম্বর সরইতলার পশ্চিমে প্রায় ১০০ মিটার বাঁধ বিলীন হয়ে লোকালয়ে জোয়ার-ভাটার পানি ঢুকছে-বেরোচ্ছে। আর সাড়ে পাঁচ কিলোমিটার বাঁধের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে ঝুঁকিতে পড়েছে ৪০ হাজার মানুষ।স্থানীয় ধলঘাটা ইউনিয়ন পরিষদের সদস্য আতা উল্লাহ প্রথম আলোকে বলেন, সিসি ব্লক না দিয়ে বাঁধ নির্মাণ করলে হবে না। সাগরের উত্তাল ঢেউ থেকে বাঁধ রক্ষা করতে হলে অবশ্যই সিসি ব্লক বসাতে হবে।এ প্রসঙ্গে কক্সবাজার পাউবোর উপসহকারী প্রকৌশলী কাজী নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুই কিলোমিটার বাঁধে সিসি ব্লক বসানোর জন্য প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ চেয়ে ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।