সাগরের তলদেশ দিয়ে বিদ্যুৎ যাবে সন্দ্বীপে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সন্দ্বীপের মানুষের কাছে বিদ্যুৎ এখনো ‘স্বপ্ন’। জেনারেটর ও সৌরবিদ্যুতের ওপর ভরসা করে চলতে হয় মানুষকে। জাতীয় গ্রিডের বাইরে থাকা সাগরবেষ্টিত সন্দ্বীপে এবার বিদ্যুৎ যাবে সাগরের তলদেশ দিয়ে, সাবমেরিন কেব্লের মাধ্যমে।
সন্দ্বীপে বিদ্যুৎ-সংযোগ দিতে ১০০ কোটি টাকার দরপত্র আহ্বানের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে বলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) একটি সূত্র জানিয়েছে। চট্টগ্রাম অঞ্চলের বিদ্যুৎ বিতরণব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় সন্দ্বীপে সাগরের তলদেশ দিয়ে বিদ্যুৎ-সংযোগ চালু করতে একটি প্রকল্প নেওয়া হয়েছে। ২০১৭ সালের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা করছেন পিডিবির কর্মকর্তারা।
পিডিবি সূত্র জানায়, সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তছড়া পর্যন্ত (সন্দ্বীপ চ্যানেল নামে পরিচিত) ১৬ কিলোমিটার সাগরের তলদেশ দিয়ে সাবমেরিন কেব্লটি যাবে। সাবমেরিন কেব্ল স্থাপনের জন্য পরামর্শক প্রতিষ্ঠানও নিয়োগ দেওয়া হয়েছে। আগামী দু-এক মাসের মধ্যে দরপত্র আহ্বান করা হবে।
এই প্রকল্পের উপপরিচালক ও পিডিবির চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার দে প্রথম আলোকে জানান, সাবমেরিন কেব্ল দিয়ে সন্দ্বীপে বিদ্যুৎ সরবরাহ দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। এ জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে। আগামী দু-তিন মাসের মধ্যে দরপত্র আহ্বান করা হবে। এরপর প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে। তিনি জানান, ২০১৭ সালের মধ্যেই সন্দ্বীপ জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত হবে।
সন্দ্বীপ পৌরসভা সূত্র জানায়, বাণিজ্যিকভাবে বাড়ি বাড়ি সৌরবিদ্যুতের সংযোগ দেওয়ার ব্যবস্থা রয়েছে কিছু এলাকায়। এই বিদ্যুতের প্রতি ইউনিটের দাম পড়ে ৩৩ টাকা। এ ছাড়া সূর্যাস্ত থেকে রাত ১১টা পর্যন্ত জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়। এর জন্য দিনে একটি বাতির জন্য ১০ টাকা এবং একটি ফ্যানের জন্য দিনে ১৫ টাকা খরচ পড়ে।
পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জাহাঙ্গীর আলম জানান, তাঁর কৃষি খামারের জন্য ৫২ হাজার টাকা খরচ করে সৌরবিদ্যুৎ নিয়েছেন। তবে নিজের বাড়িতে বিদ্যুৎ-সংযোগ নেই।
সন্দ্বীপের বাসিন্দা ও পিডিবির অবসরপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সন্দ্বীপে বিদ্যুৎ সরবরাহ স্বপ্নের ব্যাপার। সেই স্বপ্ন এবার বাস্তবায়ন হতে যাচ্ছে। সন্দ্বীপে জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ দেওয়া হলে সেখানে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ এবং সামুদ্রিক মাছের প্রক্রিয়াজাতকরণ হবে। এতে কোটি কোটি টাকার মাছের অপচয় নষ্ট হবে।’
উপজেলা প্রশাসন সূত্র জানায়, সন্দ্বীপের আয়তন ১২০ বর্গকিলোমিটার। জনসংখ্যা প্রায় চার লাখ। সেখানে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সরবরাহ না থাকায় সাগর ও নদী থেকে আহরিত মাছ প্রক্রিয়াজাত করা সম্ভব হচ্ছে না। বিদ্যুৎ সরবরাহ শুরু হলে বরফকল ও মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানা গড়ে উঠবে।
বিদ্যুৎ সরবরাহ প্রকল্প বাস্তবায়নের বিষয়ে জানতে চাইলে সন্দ্বীপের সাংসদ মাহফুজুর রহমান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘সন্দ্বীপে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সরবরাহ হবে, এটা কেউ স্বপ্নেও ভাবেনি। প্রধানমন্ত্রী বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহব্যবস্থাকে অগ্রাধিকার দিচ্ছেন। সাবমেরিন কেব্লের মাধ্যমে সন্দ্বীপে বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ নিয়েছেন তিনি। প্রকল্পটি বাস্তবায়নের জন্য শিগগির দরপত্র আহ্বান করা হচ্ছে।’
সন্দ্বীপ পৌরসভার মেয়র জাফর উল্লাহ জানান, বিদ্যুতের অভাবে উপজেলায় সেভাবে কৃষিকাজ হয় না। কিছু লোক সাগর ও নদী থেকে মাছ আহরণ করেন। বিদ্যুৎ সরবরাহ শুরু হলে শিল্পকারখানায় সন্দ্বীপের প্রবাসীরা বিনিয়োগে আসবেন।