সাগরের তেল-গ্যাস অনুসন্ধানে ৫ কোম্পানির দরপত্র প্রক্রিয়াধীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগরে তেল-গ্যাসের অনুসন্ধান করতে পাঁচটি জিওফিজিক্যাল কোম্পানির দরপত্র মন্ত্রণালয়ের প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তরপর্বে তিনি এ তথ্য দেন।
সানজিদা খানমের এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সমুদ্রে ‘মাল্টি ক্লায়েন্ট িসসমিক সার্ভে’ পরিচালনার জন্য পাঁচটি আন্তর্জাতিক জিওফিজিক্যাল কোম্পানির দরপত্র মূল্যায়ন শেষে মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে, যা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। দেশে গ্যাসের চাহিদা বৃদ্ধি পাওয়ায় সরকারের নির্দেশনা মোতাবেক উৎপাদন বণ্টন চুক্তির আওতায় সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়। তিনি বলেন, গ্যাসের উৎপাদন ও সরবরাহ বাড়াতে ২০২১ সাল নাগাদ ১৮টি উন্নয়ন কূপ, ১১টি ওয়ার্ক ওভার কূপ ও ১৬টি অনুসন্ধান কূপ খনন করা হবে।
এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, অদূর ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে পারে—এ আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা কমলেও দেশীয় বাজারে তেলের দাম কমানো হয়নি।
সাবিনা আক্তারের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এই মুহূর্তে কোনো এলাকাতে আবাসিক খাতে পাইপলাইনে গ্যাস দেওয়ার পরিকল্পনা সরকারের নেই।