সাগরের বুকে তখন উথালপাতাল ঢেউ

শিক্ষার্থীদের মোরগলড়াই, দৌড়সহ নানান প্রতিযোগিতা হচ্ছে। রাজধানীর ধানমন্ডিতে অরণি বিদ্যালয়ের সামনের মাঠে এ নিয়ে সবার মধ্যে উত্তেজনা। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সেরার নাম ঘোষণার পরই অভিভাবক, শিক্ষক আর শিক্ষার্থীদের আনন্দ যেন আর ধরে না। পুরস্কার পেয়েছে শুনে অভিভাবকেরা সন্তানকে জড়িয়ে ধরে আদর করছেন। কিন্তু ১৩ বা ১৪ বছর বয়সী সাগরের মুখে নেই হাসি, কোনো উচ্ছ্বাস। তার বুকে তখন উথালপাতাল ঢেউ।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলে অরণি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান। সেখানেই কথা হয় সাগরের সঙ্গে। পেটের দায়ে বছরখানেক আগে রাজশাহী থেকে ঢাকায় এসেছে সাগর। বিভিন্ন অনুষ্ঠানে মাইক, সাউন্ড, বাতি ঠিক আছে কি না, তা তদারকির কাজ করে। ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়ার পর আর সুযোগ হয়নি ওর স্কুলে যাওয়ার।
একসময় সাগর নিজেও স্কুলে এ ধরনের নানা প্রতিযোগিতায় অংশ নিয়েছে, পুরস্কারও পেয়েছে। আর আজ এসেছে অনুষ্ঠানের মাইকের সাউন্ড বা শব্দ ঠিকঠাক করার কাজে।
মাঠে অরণি বিদ্যালয়ের প্যান্ডেলের সামনে একটি চেয়ারে বসে সাগর টেস্টার হাতে একটু পরপর মাইকের আওয়াজ ঠিক আছে কি না, তা দেখছিল। সাগরের পাশেই বসেছিল শিক্ষার্থীরা।

রংচটা জিনসের একটি প্যান্ট আর গায়ে জড়িয়েছে লালচে স্ট্রাইপের ফুলহাতা শার্ট। পায়ে রাবারের স্যান্ডেল। সাগর জানাল, তার স্কুলের নাম ছিল সোনাদীঘি উচ্চবিদ্যালয়। স্কুলে মোরগলড়াই ও দৌড় প্রতিযোগিতায় পুরস্কারও পেয়েছে। আজকে স্কুলের কথা বেশি করে মনে হচ্ছে কি না, জানতে চাইলে মাথা দুলিয়ে বলে, হ্যাঁ। বলার পর মুখটা আরও একটু মলিন হয়ে গেল।
পড়া শেষ করে বড় হয়ে ‘চাকরি-বাকরি’ করার ইচ্ছা ছিল সাগরের। এখন তো কর্ম করে খেতে হয়। তবে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার কারণে বাবা মিনারুল ইসলামের প্রতি কোনো ক্ষোভ নেই তার। আস্তে করে বলল, ‘বাবা পড়াইতে না পারলে আর কী করব?’
তিন বোন, এক ভাই, বাবা ও মা নিয়ে সাগরের সংসার। বহু কষ্টে তিন বোনের বিয়ে হয়েছে। বাবা ও আরেক ভাই গ্রামে কৃষিকাজ করেন। জমি আছে খুব সামান্য। সাগর কাজ করে মাসে পায় চার হাজার টাকা। মোহাম্মদপুরে থাকা ও খাওয়ার খরচ দেন মালিক। সাগর প্রায় পুরো টাকাই পাঠিয়ে দেয় বাড়িতে।
এ কাজে সাগরের কোনো সাপ্তাহিক ছুটি নেই। কখনো কাজ শুরু হয় রাত দুটোর সময়, আবার কখনো ভোর সকালে। যেকোনো অনুষ্ঠান শুরুর পরই শুরু হয় সাগরের কাজ। অনুষ্ঠান শেষেই মেলে ছুটি।
বিদ্যালয়ের শিক্ষকদের মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা শুরু হবে। গানের সাউন্ড বাড়িয়ে দিতে ডাক পড়ল সাগরের। সামনে থাকা যন্ত্রপাতি আর টেস্টার নিয়ে ব্যস্ত হয়ে পড়ল সাগর। শিক্ষকদের এ প্রতিযোগিতার সময় সবাই হেসে গড়াগড়ি দিচ্ছে। সাগরের মুখেও দেখা গেল শিশুসুলভ এক টুকরো হাসি।