সাগরের মৎস্যসম্পদ আহরণে ক্যাডেটদের ভূমিকা চান মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগরের মৎস্যসম্পদ আহরণে মেরিন ফিশারিজ একাডেমির ক্যাডেটদের অগ্রণী ভূমিকা চান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের কর্ণফুলী থানার ইছানগরে একাডেমির ৩৫তম ব্যাচের ক্যাডেটদের গ্র্যাজুয়েশন প্যারেড ও শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে বক্তব্য দেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, সামুদ্রিক মৎস্য আহরণের সঙ্গে সাড়ে ১৮ লাখ মানুষের জীবন ও জীবিকা জড়িয়ে আছে। তিন বছরের প্রশিক্ষণে অর্জিত জ্ঞান নিয়ে ক্যাডেটরা সামুদ্রিক মৎস্যসম্পদ আহরণের মাধ্যমে দেশকে এগিয়ে নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেরিন ফিশারিজ একাডেমির অধ্যক্ষÿক্যাপ্টেন মাসুক হাসান আহমেদ বলেন, ৩৫তম ব্যাচে নটিক্যাল, ইঞ্জিনিয়ারিং এবং ফিশারিজ বিভাগে ৯৮ জন নবীন ক্যাডেট কৃতিত্বের সঙ্গে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। এখন পর্যন্ত এ প্রতিষ্ঠান থেকে ১ হাজার ৬০২ জন ক্যাডেট পাস করেছেন।
অনুষ্ঠানে ৩৫তম ব্যাচের পাঁচ ক্যাডেটের হাতে সাফল্যের স্বীকৃতি হিসেবে মেডেল তুলে দেন মন্ত্রী। এর মধ্যে ‘বেস্ট অলরাউন্ডার গোল্ড মেডেল’ পেয়েছেন নাদিয়া সুলতানা ও আবুল হোসেন। ‘বেস্ট ইন সিলভার মেডেল’ পেয়েছেন নটিক্যাল বিভাগে মো. জিয়া আহমেদ, মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে চন্দন রাজবংশী ও মেরিন ফিশারিজে মো. হাফিজুর রহমান।
মেরিন ফিশারিজ একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়ে ক্যাডেটরা দেশে-বিদেশে গভীর সাগরে মাছ ধরার জাহাজে কর্মজীবন শুরু করেন। এ ছাড়া সমুদ্রগামী বাণিজ্যিক জাহাজেও কাজের সুযোগ পান এই একাডেমি থেকে উত্তীর্ণ ক্যাডেটরা।