সাগর-রুনি হত্যায় জড়িতদের দ্রুত আটকের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করার মাধ্যমে গ্রেপ্তার করে বিষয়টির সুরাহা করার সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
বৈঠক শেষে কমিটির সদস্য আবু সাঈদ আল মাহমুদ সাংবাদিকদের বলেন, কমিটির সভাপতি বিষয়টি বৈঠকে উত্থাপন করেছিলেন। দীর্ঘদিন পেরিয়ে গেলেও ঘটনাটির কোনো সুরাহা হচ্ছে না। এ জন্য কমিটির পক্ষ থেকে অপরাধীদের দ্রুত আটক করার জন্য পুলিশ বাহিনীকে বলা হয়েছে।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলার ফ্ল্যাট থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়।