সাগর-রুনির হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার রাঙামাটি ও খাগড়াছড়িতে মানববন্ধন করেছেন সাংবাদিকেরা।
বেলা ১১টায় রাঙামাটি জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে সাংবাদিক নেতারা সাগর-রুনির হত্যারহস্য বের করতে না পারায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমালোচনা করেন।
বক্তারা বলেন, শুধু আশ্বাস দিলে হবে না, মামলার তদন্তের অগ্রগতি দৃশ্যমান হতে হবে।
মানববন্ধন কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন রাঙামাটি পৌরসভার নবনির্বাচিত মেয়র আকবর হোসেন চৌধুরী। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক সুনীল কান্তি দে, দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমদ, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, দৈনিক রাঙামাটির সম্পাদক আনোয়ার আল হক।
এদিকে সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন মৌন মিছিল ও মানববন্ধন করেছে। গতকাল সকালে জেলা শহরের টাউন হল থেকে মৌন মিছিল বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে গিয়ে মৌন মিছিল শেষ হয়। সেখানে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিক, সুশীল সমাজ ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নূরুল আজম ও সাধারণ সম্পাদক কানন আচার্য। বক্তারা অবিলম্বে সাগর-রুনি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনসহ হত্যাকারীদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি।