সাগুফতা ও বসুধা আবাসন প্রকল্পের উন্নয়নকাজ বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশগত ছাড়পত্র ছাড়াই নির্মাণকাজ শুরু করায় দুটি আবাসন প্রকল্পের মাটি ভরাটসহ সব উন্নয়নকাজ বন্ধ করার নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ দুটি প্রকল্প হলো: ঢাকার পল্লবীর সাগুফতা হাউজিং ও নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকার বসুধা সিটি। পরিবেশ অধিদপ্তর থেকে জানানো হয়েছে, সাগুফতা হাউজিং লিমিটেড পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই মিরপুরের পল্লবী এলাকার বাউনিয়া মৌজায় ১৩৭ একর জমি ভরাট করেছে। প্রতিষ্ঠানিটি ৫৬ দশমিক শূন্য ৬ একর জমিতে আবাসন প্রকল্প স্থাপনের জন্য অবস্থানগত ছাড়পত্র নিয়েছে। ওই জমিতে কোনো নর্দমা-খাল বা জলাশয় নেই। জেলা প্রশাসন থেকে এ ব্যাপারে অনাপত্তিপত্র নেওয়ার কথা থাকলেও প্রতিষ্ঠানটি তা নেয়নি বলে পরিবেশ অধিদপ্তর থেকে অভিযোগ তোলা হয়েছে। অপরদিকে বসুধা সিটি প্রকল্প নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের লাধুরচর, চরকামালদী ও পরমেশ্বরদী মৌজার প্রায় ১৪ একর জমি কিনেছে। কিন্তু নির্মাণকাজের জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেয়নি। ছাড়পত্র না পাওয়া পর্যন্ত প্রকল্পটির মাটি ভরাট, ব্যবসায়িক কার্যক্রম ও বিজ্ঞাপন প্রচারও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সাগুফতা হাউজিং লিমিটেডের মহাব্যবস্থাপক (ভূমি) মোহাম্মদ শামসুজ্জামান প্রথম আলোকে বলেন, পরিবেশ অধিদপ্তর থেকে বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে। দ্রুতই সেই চিঠির উত্তর ও প্রয়োজনীয় অনুমোদনপত্র পরিবেশ অধিদপ্তরে উপস্থাপন করা হবে। বসুধা বিল্ডার্সের পরিচালক (কারিগরি) মেজর (অব.) জাহিদুর রহমান প্রথম আলোকে বলেন, নারায়ণগঞ্জের ওই আবাসন প্রকল্পটির পরিবেশগত ছাড়পত্র নেওয়ার আবেদন প্রক্রিয়াধীন। এ নির্দেশ অমান্য করা হলে আবাসন প্রকল্প দুটি জব্দ করে মামলা দায়ের ও অন্যান্য আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেছে অধিদপ্তর। অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, এই দুটি আবাসন প্রকল্পের জন্য পরিবেশ ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক। কিন্তু তা না নিয়েই ভূমির উন্নয়ন শুরু করেছে তারা। ফলে তাদের প্রচলিত আইনকানুন অনুসরণ করে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়ার আগ পর্যন্ত ভূমি উন্নয়নসহ অন্যান্য কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।