সাগুফতাকে ২২ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ আইন লঙ্ঘন করে ভূমি ভরাটের মাধ্যমে আবাসন প্রকল্প সম্প্রসারণ করার অভিযোগে সাগুফতা হাউজিং লিমিটেডকে ২২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মাদ মুনীর চৌধুরী গতকাল বুধবার পরিবেশ আইন লঙ্ঘনের অপরাধে এ জরিমানা করেন। এ ছাড়া তিনি প্রতিষ্ঠানটিকে পরিবেশ ছাড়পত্র না পাওয়া পর্যন্ত পরবর্তী কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন। পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, ওই আবাসন প্রকল্পকে ২০১০ সালে ৫৬ একর জমিতে প্রকল্প নির্মাণের জন্য অবস্থানগত ছাড়পত্র দেয়া হয়। কিন্তু প্রতিষ্ঠানটি পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়াই গত দেড় বছরে প্রকল্পের আয়তন ১৭৪ দশমিক ৫৩ একরে সম্প্রসারিত করে। নিচু ভূমি ভরাট এবং সাধারণ জনগণের জমি দখলের অভিযোগের পরিপ্রেক্ষিতে মোহাম্মাদ মুনীর চৌধুরী গত ডিসেম্বরে অভিযান চালিয়ে প্রকল্পের কাজ বন্ধ করেন। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে ভূমি দখল ও ভরাটের পুরো ঘটনা তদন্ত করে ভূমিমালিকদের কাছে তাদের দখল করা জমি ফেরত অথবা উপযুক্ত মূল্য পরিশোধের নির্দেশ দেওয়া হয়। গতকাল শুনানিতে সাগুফতার পক্ষে পরিচালক (উন্নয়ন) এস এম জাফরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত হন এবং ভবিষ্যতে পরিবেশ আইন মান্য করে প্রকল্পের কাজ সম্পাদনের অঙ্গীকার করেন।