সাঘাটায় প্রবেশপত্র না পেয়ে কলেজে ভাঙচুর, অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাঘাটা বিজনেস ম্যানেজমেন্ট টেকনিক্যাল কলেজে হামলা চালিয়ে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা গতকাল সোমবার দরজা, জানালা ও আসবাব ভাঙচুর করেছে। এ সময় তারা কলেজে অগ্নিসংযোগও করে। এইচএসসি (কারিগরি) পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় তারা এ ঘটনা ঘটায়। পুলিশ ও ভুক্তভোগী পরীক্ষার্থীদের সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র নেওয়ার জন্য গতকাল বেলা ১১টার দিকে পরীক্ষার্থীরা কলেজ কার্যালয়ে যায়। এ সময় অফিস সহকারীরা তাদের জানায়, শিক্ষা বোর্ড থেকে প্রবেশপত্র আসেনি। এতে ক্ষুব্ধ হয়ে তারা দুপুর ১২টায় কলেজে হামলা চালিয়ে দরজা, জানালা, চেয়ার, টেবিল ও বেঞ্চ ভাঙচুর করে। অবস্থা বেগতিক দেখে উপস্থিত কয়েকজন প্রভাষক ও কর্মচারী পালিয়ে যান। এ সময় ক্ষুব্ধ পরীক্ষার্থীরা আসবাব ও কলেজের টিনশেড ভবনে আগুন ধরিয়ে দেয়। পরে এলাকাবাসী ও গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। দুপুর সাড়ে ১২টার দিকে অধ্যক্ষের অপসারণের দাবিতে পরীক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে সাঘাটা বন্দর প্রদক্ষিণ করে। কলেজে প্রবেশপত্র না আসায় অধ্যক্ষের সমালোচনা করা হয়। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।সাঘাটা উপজেলার জুমারবাড়ি গ্রামের সাকিব ও কামালেরপাড়া গ্রামের বিপুল জানায়, অধ্যক্ষের গাফিলতির কারণে তাদের পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এদিকে বর্তমানে ঢাকায় অবস্থানরত কলেজের অধ্যক্ষ আরশাদুল কবিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি গাফিলতির অভিযোগ অস্বীকার করে বলেন, যথাসময়ে ৩৩০ জন পরীক্ষার্থীর ফরম পূরণ করে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে পাঠানো হয়। কিন্তু বোর্ড কর্তৃপক্ষ গতকাল পর্যন্ত প্রবেশপত্র পাঠায়নি। তাই প্রবেশপত্র নিতে এখন তিনি ঢাকায় অবস্থান করছেন।