সাঘাটায় বিচিত্রার নামে অশ্লীল নৃত্য ও হাউজি
গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের চকদাতেয়া গ্রামে বিচিত্রানুষ্ঠানের নামে অশ্লীল নৃত্য, হাউজি ও নানা ধরনের জুয়ার আসর চলছে। পুলিশকে প্রতিদিন পাঁচ হাজার টাকা উৎকোচ দিয়ে জাতীয় পার্টির স্থানীয় নেতা সুমন মিয়া এসব চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, দুই মাস আগে একই জায়গায় সার্কাস ও যাত্রাগান শুরু হয়। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় লেখালেখি হওয়ার পর প্রশাসনের হস্তক্ষেপে তা বন্ধ হয়। ১৪ মে থেকে আগের সার্কাস প্যান্ডেলে ঢাকা থেকে শিল্পী এনে বিচিত্রানুষ্ঠানের নামে অশ্লীল নৃত্য চালানো হচ্ছে। গত রোববার সরেজমিনে দেখা গেছে, গাইবান্ধা শহর থেকে ১৬ কিলোমিটার দূরে চকদাতেয়া গ্রাম। গ্রামের ফাঁকা আবাদি জমিতে বিশাল প্যান্ডেল। প্যান্ডেলের নিচে ধানের খড় বিছানো। একপাশে রাখা ডেকোরেটরের চেয়ার। অপর পাশে হাউজির প্যান্ডেল।স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন সন্ধ্যার পর থেকে জুয়া ও রাত নয়টা থেকে হাউজি শুরু হয়। রাত ১১টা থেকে ভোর পর্যন্ত চলে বিচিত্রানুষ্ঠান। এক মাস এসব চলবে বলে আয়োজকেরা জানিয়েছেন। চকদাতেয়া গ্রামের ব্যবসায়ী জিয়াউর রহমান বলেন, জাতীয় পার্টির নেতা সুমনের নেতৃত্বে সরকারদলীয় সমর্থক ও কর্মীরা এলাকায় প্রভাব খাটিয়ে এসব চালাচ্ছেন।পদুমশহর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সুমন মিয়া এই আয়োজনের মূল উদ্যোক্তা বলে জানা গেছে। সুমনের সাংগঠনিক পরিচয় নিশ্চিত করে সাঘাটা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন, জাতীয় পার্টির সঙ্গে যুক্ত থাকলেও সরকারদলীয় লোকজনের সঙ্গে তাঁর ওঠাবসা বেশি।সুমন মিয়া বলেন, এ ধরনের অনুষ্ঠান চালাতে পুলিশের সহযোগিতা নিতে হয়েছে। তবে অশ্লীল নৃত্য চালানোর অভিযোগ সঠিক নয়।