সাঘাটায় ভাইয়ের হাতে ভাই খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার সাঘাটা উপজেলার চকচকিয়া গ্রামে গতকাল শুক্রবার তুচ্ছ ঘটনার জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। নিহত শওকত আলী (৫৫) চকচকিয়া গ্রামের বাচ্চু ব্যাপারীর ছেলে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতের কালবৈশাখী ঝড়ে বাড়ির উঠানের একটি গাছের ডাল ভেঙে পড়ে। গতকাল সকাল ১০টার দিকে ভেঙে পড়া সেই গাছের ডাল নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে ছোট ভাই ছামছুল ইসলাম তাঁর ছেলেদের নিয়ে বড় ভাই শওকতের ওপর হামলা চালান। এলোপাতাড়ি মারপিটে ঘটনাস্থলেই শওকত মারা যান। দুপুর ১২টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কেউ থানায় মামলা দায়ের করেনি।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।