সাঘাটায় ভাঙনে তিন গ্রামের দেড় শতাধিক ঘরবাড়ি বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যমুনা নদীর ভাঙনে গাইবান্ধার সাঘাটা উপজেলার বড়মতাইর গ্রাম বিলীন হয়ে যাচ্ছে। গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো
যমুনা নদীর ভাঙনে গাইবান্ধার সাঘাটা উপজেলার বড়মতাইর গ্রাম বিলীন হয়ে যাচ্ছে। গতকাল সকালে তোলা ছবি l প্রথম আলো

যমুনা নদীর ভাঙনে গত দুই সপ্তাহে গাইবান্ধার সাঘাটা উপজেলার তিনটি গ্রামের দেড় শতাধিক ঘরবাড়ি, অসংখ্য গাছপালা ও প্রায় ১০ একর জমি বিলীন হয়ে গেছে। এতে পাঁচ শতাধিক মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। তারা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও সরকারি বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় সূত্র জানায়, কয়েক দফা বৃষ্টির কারণে যমুনায় পানি বেড়েছে। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে শুরু হয়েছে ভাঙন। গত ১৫ দিনে ভরতখালী ইউনিয়নের বড়মতাইর ও গোবিন্দি এবং হলদিয়া ইউনিয়নের কানাইপাড়া গ্রামের ঘরবাড়ি, গাছপালা ও পাট চাষের জমি নদীগর্ভে চলে গেছে। ভাঙনে উপজেলার তিনতলাবিশিষ্ট কানাইপাড়া দাখিল মাদ্রাসা এবং হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনও বিলীন হওয়ার উপক্রম হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ভাঙনকবলিত বড়মতাইর ও গোবিন্দি গ্রামে গিয়ে লোকজনকে ঘরবাড়ি সরিয়ে নিতে দেখা যায়। বড়মতাইর গ্রামের কৃষক মশিউর রহমান (৫০) বলেন, যমুনার ভাঙনে তাঁর দুটি ঘর বিলীন হলেও ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। একই গ্রামের কৃষক আক্কাস আলী (৫৫) বলেন, ‘হামারঘরে তিনট্যা ঘর ভাঙি গেচে। সাত দিন থাকি হামরা মানসের জাগাত আচি।’ ওই গ্রামের কৃষি কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, প্রতিদিন গড়ে পাঁচ থেকে ছয় ফুট এলাকা নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এভাবে ভাঙতে থাকলে কয়েক দিনের মধ্যে গোটা গ্রাম বিলীন হয়ে যাবে। বিষয়টি পাউবোকে জানানো হয়েছে। তবু কাজ হয়নি।
গোবিন্দি গ্রামের কৃষক মোস্তফা (৪৫) বলেন, ‘আমার চারটি টিনের তৈরি ঘর সাত দিনের ব্যবধানে নদীগর্ভে চলে যায়। কয়েক দিন থেকে এক আত্মীয়ের জায়গায় ঘর তুলে আছি।’
কানাইপাড়া গ্রামের কৃষক জয়নাল আবেদীন (৬৫) বলেন, দুই সপ্তাহে তাঁর দুটি ঘর ও এক বিঘা জমির উঠতি পাট নদীতে বিলীন হয়ে গেছে। একই গ্রামের কৃষক জাকিরুল মিয়া (৫৪) বলেন, ‘দুই বিঘা জমি চাষাবাদ করে কোনোমতে সংসার চলত। কিন্তু সাত দিনে আমার সব আবাদি জমি নিশ্চিহ্ন হয়ে গেছে।’
হলদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান এনামুল হক বলেন, ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের দাবিতে প্রধানমন্ত্রী ও পানিসম্পদমন্ত্রীর বরাবর লিখিত আবেদন জানানো হয়েছে। কিন্তু পাউবোর পক্ষ থেকে কোনো কাজ করা হচ্ছে না।
জানতে চাইলে গাইবান্ধা পাউবোর নির্বাহী প্রকৌশলী প্রকাশ কৃষ্ণ সরকার গতকাল বৃহস্পতিবার মুঠোফোনে বলেন, বড়মতাইর ও পার্শ্ববর্তী গোবিন্দি এলাকায় ভাঙন প্রতিরোধে নদীর তীরে বালুভর্তি জিও টেক্সটাইল ব্যাগ ফেলার কাজ চলছে।