সাঘাটায় স্কুলশিক্ষিকাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া গ্রামে মনজুরি খাতুন নামের এক স্কুলশিক্ষিকাকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চার বছর আগে নওগাঁর ধামুরহাট উপজেলার শাহাদত হোসেনের সঙ্গে মনজুরির বিয়ে হয়। প্রায় এক বছর আগে বোনারপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার চাকরি পান মনজুরি। এরপর বাবার বাড়ি থেকে তিনি শিক্ষকতা করে আসছিলেন।গত বৃহস্পতিবার মনজুরির স্বামী শাহাদত বোনারপাড়ায় শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। রাতে তাঁদের আড়াই বছরের ছেলেকে নিয়ে স্বামী-স্ত্রী একই ঘরে ঘুমাতে যান। গতকাল শুক্রবার সকালে বাড়ির লোকজন ওই ঘরে মনজুরির লাশ দেখতে পায়। পরিবারের সদস্যদের ধারণা, স্বামী-স্ত্রীর মধ্যে কলহের জের ধরে মনজুরিকে রাতে শ্বাসরোধে হত্যার পর ছেলেকে নিয়ে তাঁর স্বামী পালিয়ে যান।পরে পুলিশ মনজুরির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়। লাশের সুরতহাল প্রতিবেদনে শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন খান প্রথম আলোকে জানান, এ ঘটনায় নিহত স্কুলশিক্ষিকার বাবা ইব্রাহিম খন্দকার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।