সাঘাটায় ১০ টাকা কেজির চাল বিক্রি শুরু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাঘাটা উপজেলার নয়টি ইউনিয়নে তালিকা প্রণয়ন নিয়ে ডেপুটি স্পিকার ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের দ্বন্দ্বে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি এখনো শুরু হয়নি। সেপ্টেম্বর মাস থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। এতে ওই সব ইউনিয়নের দরিদ্র মানুষ কম দামে চাল ক্রয় থেকে বঞ্চিত হচ্ছেন।
এ বিষয়ে ডেপুটি স্পিকার গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি চার থেকে পাঁচ মাস আগে সুবিধাভোগীদের তালিকা দেই। কিন্তু ইউপি চেয়ারম্যান-মেম্বাররা নির্বাচিত হয়ে এই তালিকা মানতে চাননি। উপজেলা পরিষদের সভায় মোট বরাদ্দের শতকরা ৩০ ভাগ দলের জন্য, ১০ ভাগ উপজেলা পরিষদ ও অবশিষ্টগুলো ইউপিকে দেওয়ার সিদ্ধান্ত হয়। দ্রুত চাল বিক্রি শুরু করতে সংশ্লিষ্টদের বলেছি।’
জেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, বছরের পাঁচ মাস (মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর) গ্রামাঞ্চলের দরিদ্র মানুষের হাতে কাজ থাকে না। এই মাসগুলোতে দরিদ্র মানুষদের সহায়তার জন্য সরকার খাদ্যবান্ধব কর্মসূচি (সরকার-নির্ধারিত দামে কার্ডের মাধ্যমে চাল ও গম বিতরণ) হাতে নিয়েছে।
কর্মসূচির নীতিমালা অনুযায়ী, প্রত্যেক সুবিধাভোগী এক মাসে ৩০ কেজি চাল কিনতে পারবেন। একটি কার্ডের মাধ্যমে একজন সুবিধাভোগী বছরের পাঁচ মাস এই দামে চাল কিনতে পারবেন। সুবিধাভোগীদের তালিকা প্রণয়নে একজন উপজেলা পর্যায়ের কর্মকর্তাকে সভাপতি করে প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে কমিটি থাকবে। এই কমিটি ইউনিয়নে দরিদ্র মানুষের তালিকা তৈরি করে উপজেলা কমিটিতে পাঠাবে। উপজেলা কমিটি অনুমোদনের পর সুবিধাভোগীদের মধ্যে কার্ড বিতরণ করা হবে। এই কার্ড দেখিয়ে সুবিধাভোগীরা ইউনিয়নের নির্ধারিত ডিলারের কাছ থেকে প্রতি কেজি চাল ১০ টাকায় কিনতে পারবেন। ইতিমধ্যে জেলার সাতটি উপজেলার মধ্যে ছয়টিতে চাল বিক্রি শুরু হয়েছে। কিন্তু সাঘাটার ১০টি ইউনিয়নের মধ্যে ৯টিতে গত সোমবার পর্যন্ত চাল বিক্রি শুরু হয়নি। তালিকা প্রণয়নে ডেপুটি স্পিকার ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সাংসদ ফজলে রাব্বী মিয়া এবং ইউপি চেয়ারম্যানদের দ্বন্দ্বে এ চাল বিক্রি বন্ধ রয়েছে।
জানতে চাইলে বোনারপাড়ার ইউপি চেয়ারম্যান আবদুল ওয়ারেছ প্রধান বলেন, ‘লোকসংখ্যা অনুযায়ী এই ইউনিয়নে ১ হাজার ৬২৬টি কার্ড বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ডেপুটি স্পিকার এই ইউনিয়নে ৫০০ জন সুবিধাভোগীর নামের তালিকাসংবলিত একটি চিঠি দায়িত্বপ্রাপ্ত উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে দিয়েছেন। তাই আমাদের তালিকা জমা নেওয়া হচ্ছে না। ফলে তালিকা চূড়ান্ত করা না যাওয়ায় চাল বিক্রিও শুরু করা যাচ্ছে না।’
একই উপজেলার কচুয়া ইউনিয়নের বুরুঙ্গি গ্রামের দিনমজুর আনারুল হক (৪০) ও বাদশা মিয়া (৪৫) বলেন, ‘এখন গাঁয়োত কাম নাই। সুদের উপর ট্যাকা নিয়া খাবার নাগচি। এক সের চাল ১০ ট্যাকাত পালে ভালো হয়। কিন্তু তাক কোনটে পামো। সগল্যে খালি নাম নেকি নেয়, চাল দেয় না।’
পদুমশহরের ইউপি চেয়ারম্যান তৌহিদুজ্জামান বলেন, ‘ডেপুটি স্পিকার যে তালিকা দিয়েছেন, তার মধ্যে অধিকাংশ পরিবারই সচ্ছল। এই তালিকা অনুযায়ী চাল বিক্রি করলে প্রকৃত দরিদ্ররা বঞ্চিত হবে।’ জুমারবাড়ীর ইউপি চেয়ারম্যান রোস্তম আলী আকন্দ বলেন, ‘ডেপুটি স্পিকার আমার ইউনিয়নে মোট বরাদ্দের শতকরা ৩০ ভাগ নামের তালিকা দায়িত্বপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেওয়ায় জটিলতায় পড়েছি। এই জটিলতায় চূড়ান্ত তালিকা তৈরি করতে পারছি না। ফলে সেপ্টেম্বর মাসে চাল ক্রয়ের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে দরিদ্ররা।’
কামালেরপাড়ার ইউপি চেয়ারম্যান সাজু মিয়া বলেন, ‘ডেপুটি স্পিকার ক্ষমতার প্রভাবে তালিকা দিয়েছেন। তাঁর তালিকা মেনে না নেওয়ায় উপজেলার নয়টি ইউনিয়নের চেয়ারম্যানরা চাল বিক্রি কার্যক্রম শুরু করতে পারছেন না।’ একই ধরনের অভিযোগ করেন অপর পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যানরা।
এ বিষয়ে উপজেলা তালিকা প্রণয়ন কমিটির সদস্যসচিব ও উপজেলা খাদ্য কর্মকর্তা স্বপন কুমার দে গত সোমবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ইউনিয়ন থেকে চূড়ান্ত তালিকা না পাওয়ায় ওই নয়টি ইউনিয়নে চাল বিক্রি করা যাচ্ছে না। তবে ওই নয়টি ইউনিয়নের সেপ্টেম্বর মাসের চাল ছাড় দেওয়া হয়নি।’