সাঙ্গ হলো অষ্টপ্রহর, আজ শেষ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় ফকির লালন শাহর আখড়ায় গত রোববার রাতে গান করেন এক শিল্পী l ছবি: প্রথম আলো
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় ফকির লালন শাহর আখড়ায় গত রোববার রাতে গান করেন এক শিল্পী l ছবি: প্রথম আলো

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় পূর্ণসেবার মধ্য দিয়ে সাঙ্গ হলো সাধুগুরুদের আচার-অনুষ্ঠান অষ্টপ্রহর। গতকাল সোমবার বিকেলে এ আচার-অনুষ্ঠান শেষ হলেও এখন চলছে মেলা ও লালনসংগীতের অনুষ্ঠান। কেউ কেউ এরই মধ্যে আখড়া ছেড়ে চলে যেতে শুরু করেছেন।
বাউলসম্রাট ফকির লালন শাহের ১২৬তম তিরোধান দিবস উপলক্ষে লালন একাডেমির আয়োজনে তিন দিনের এ লালন মেলার গতকাল ছিল দ্বিতীয় দিন। আজ মঙ্গলবার মধ্যরাতে এ আয়োজন শেষ হবে।
গতকাল ভোরের সূর্যালোক ফোটার মুহূর্তে শুরু হয় গোষ্ঠ গান। গুরু-ভক্তের মিলন লীলাকে গোষ্ঠ গান বলে। চলে সকাল নয়টা পর্যন্ত। এরপর সাধুগুরুরা বাল্যসেবা নেন। এতে থাকে ক্ষীর বা মাখন কিংবা ছানা, দই-মিষ্টি। থাকে বিভিন্ন ধরনের ফল। বাল্যসেবার পর ঘণ্টা খানেক বিশ্রাম। এরপর চলে প্রশ্ন-উত্তরের মধ্য দিয়ে গুরু-ভক্তের গান। গুরুকে ঘিরে প্রেমজুড়ি, মন্দিরা, একতারা, দোতারা বাজিয়ে গানের সুরের সঙ্গে মাথা দোলাতে থাকেন শিষ্যরা। একজনের পর একজন গেয়ে চলেন।
বিকেল তিনটার দিকে শুরু হয় পূর্ণসেবা। লালনের মাজার চত্বরে শিশু থেকে বৃদ্ধ, জাতি ভেদাভেদ ভুলে সবাই মেঝেতে কলাপাতা নিয়ে বসে পড়েন। হাজারো মানুষের সামনে কলাপাতায় পর্যায়ক্রমে সাদা ভাত, রুই মাছ, কলাইয়ের ডাল, সবজি ও দই দেওয়া হয়।
১ ঘণ্টা ২৫ মিনিট খাবার সামনে রেখে বিকেল ৪টা ২৫ মিনিটে সবাই খাবার মুখে তুলে পূর্ণসেবা নেন। এই দীর্ঘ সময়ে কেউ খাবার মুখে তোলেন না। মূলত পূর্ণসেবার মধ্য দিয়েই সাধু-গুরুদের অষ্টপ্রহর (এক বিকেল থেকে পরের বিকেল) শেষ হয়। এ সময় যে কেউ তাঁদের ধামে ফিরে যেতে পারেন। আবার অনেকে মাজারে থেকে যান আরও কয়েক দিনের জন্য। আগের দিন রোববার গভীর রাত পর্যন্ত গান শুনেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ছিলেন ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা।
এবার প্রথম দিন থেকেই মেলায় ব্যাপক লোকসমাগম ঘটে। একটু বিনোদনের জন্য পরিবারের সবাই মিলে ঘুরে বেড়িয়েছেন। সঙ্গে টুকিটাকি কেনাকাটা, শিশুদের নাগরদোলায় চড়া ও মিষ্টি খাওয়া। বেশ কয়েকটি কলাইয়ের রুটির ঝুপড়ি দোকান বসেছে। সেখানে ধনী-গরিব সবাই মাটিতে বসে মরিচবাটা দিয়ে রুটি খেয়ে প্রাণ জুড়াচ্ছেন। মেলায় যেমন আছে বেচাকেনা, তেমন উচ্চশব্দে মাইকে ‘ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে’ বা কোনো হিন্দি গানের বাহারও। এটা প্রকৃত সাধু-বাউলদের মনকে আহত করেছে।
গতকাল সন্ধ্যায়ও ছিল লালন একাডেমির আয়োজনে আলোচনা সভা। আলোচনা শেষে রাতভর ছিল লালন একাডেমির শিল্পী ও বাউলদের গানের আয়োজন। তাঁদের পরিবেশিত সাঁইজির গানের মরমি সুরে মুগ্ধ হন ছেঁউড়িয়ায় আসা হাজারো শ্রোতা ও অনুরাগী।