সাঙ্গ হলো সাধুসঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালন স্মরণোৎসবের দ্বিতীয় দিন ছিল গতকাল শুক্রবার। ভোরের আলো ফোটার আগেই দিনকে বরণ করার জন্য শুরু হয় গোষ্ঠ গান। সকাল ছয়টায় কলার পাতায় পায়েস, মুড়ি ভোজনের মধ্য দিয়ে বাল্যসেবা গ্রহণ করেন বাউল, সাধু, সন্ন্যাসী, ভক্ত ও অনুরাগীরা। এর পর আবার শুরু হয় কৃষ্ণলীলা, প্রেমলীলা ইত্যাদি বিষয় নিয়ে লীলাসংগীত। এ সময় প্রেমজুড়ি, খমগ, ডুগডুগি, মন্দিরা, একতারা ও দোতারার সুরে ডুবে যান বাউলেরা। তাঁদের একের পর এক গান পরিবেশনের মধ্য দিয়ে উৎসবস্থলজুড়ে আনন্দধারা বইতে শুরু করে।
বৃহস্পতিবার বিকেল চারটায় শুরু হওয়া অধিবাস শেষ হয় গতকাল বিকেল চারটায়। এর আগে উৎসবের মধ্যপ্রহরে সাদা ভাত, রুই মাছ, কলাইয়ের ডাল, সবজি ও দই দিয়ে পূর্ণসেবা গ্রহণ করেন সাধু ও ভক্তরা। গতবারের মতো এবারও ইলিশ মাছের পরিবর্তে দেওয়া হয় রুই মাছ। মূলত এই পূর্ণসেবার মধ্য দিয়ে শেষ হয় লালন উৎসবের সার্বিক আনুষ্ঠানিকতা। এর পরপরই বাউল ও সাধকেরা যে যাঁর গন্তব্যে বেরিয়ে পড়েন। তবে এই উৎসব সরকারিভাবে পাঁচ দিন করায় অনেকে থেকে যাবেন শেষ দিন পর্যন্ত।
লালন স্মরণোৎসব উপলক্ষে লালন আখড়াকে কেন্দ্র করে প্রায় এক কিলোমিটার জায়গাজুড়ে বসেছে মেলা। লালনের আধ্যাত্মিক দর্শন লাভের আশায় সারা দেশ থেকে নানা জাতের মানুষ ছুটে এসেছেন।
সাধু-ভক্তদের অনেকে গতকাল উৎসবস্থল ছেড়ে গেলেও থেমে নেই কালী নদীর পাড়ে খণ্ড খণ্ড গানের আসর আর মেলা। দর্শনার্থীরাও সুর মেলাচ্ছিলেন বাউলদের সঙ্গে। দেশ-বিদেশ থেকে আসা সাঁইজির ভক্তরা মশগুল হয়ে দেখছেন ও শুনছেন তাঁদের গান।
গতকাল ছুটির দিন থাকায় লোক সমাগম ছিল বেশি। বেলা বাড়ার পর থেকে আখড়াবাড়িতে মানুষের স্রোত দেখা যায়। পশ্চিমবঙ্গের মালদা থেকে এসেছেন কবি নুরুল ইসলাম। তিনি বলেন, দুজন ব্যক্তি বাঙালিকে বিশ্বে পরিচয় করে দিয়েছেন। একজন রবীন্দ্রনাথ ঠাকুর, আরেকজন ফকির লালন সাঁই।
বৃহস্পতিবার গভীর রাতে গান করেন লালন একাডেমির শিল্পীরা। আরও গান করেন কাঙ্গালিনী সুফিয়া, শফি মণ্ডল, সালমা, ফরিদা ইয়াসমিন, পাগলা বারেক ও আবদুল কুদ্দুস। দেশের বাইরে পশ্চিমবঙ্গের মালদা থেকে আসা ফোকশিল্পী ভোলামন তপন পণ্ডিত বাউল গান করেন। লালন আখড়াবাড়ির পাশেই ‘নবপ্রাণ আন্দোলন’-এর আয়োজনে সংগঠনের শিশু-কিশোর ও তরুণ শিল্পীরা সাঁইজির গান করেন। আখড়াবাড়ি ঘেঁষে একটি ঘরের ভেতরে ছোট ছোট দলে বসেন কয়েকজন সাধক।
গতকাল সন্ধ্যায় ছিল লালন একাডেমির আয়োজনে আলোচনা ও মুক্তমঞ্চে গানের আসর। আলোচনা শেষে রাতভর চলে লালন একাডেমির শিল্পী ও বাউলদের গান।