সাঙ্গু নদীতে বিলীন ১৬ বসতঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাঙ্গু নদীর তীরের চরতি ইউনিয়নের তুলাতুলি গ্রামের ১৬টি বসতঘর নদীতে বিলীন হয়ে গেছে। এ ছাড়া আরও ১০টি বাড়ি তলিয়ে যাওয়ার পথে।নদীতে বিলীন হয়ে যাওয়া বাড়ির মালিকেরা জানান, নদীর পানি বৃদ্ধি পাওয়ার পর ধীরে ধীরে নদীর তীর ভাঙতে শুরু করে। একপর্যায়ে নদীর তীরের ১৬টি বসতঘর নদীতে বিলীন হয়ে যায়।গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, চরতি ইউনিয়নের তুলাতুলি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সাঙ্গু নদীর তীরের কিছু বাড়ি বিলীন হওয়ার পথে। অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক ফজলুল হক চৌধুরী, মুক্তিযোদ্ধা মোস্তাকিম চৌধুরী এবং ব্যবসায়ী আনোয়ার হোসেন ও আফতাবুল আলম জানান, নদীতে তাঁদের বসতঘর বিলীন হয়ে গেছে। এখনো পর্যন্ত তাঁরা সরকারি কোনো সাহায্য-সহযোগিতা পাননি। পরিবারের সদস্যদের নিয়ে পাশের বাড়ি ও আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। তাঁরা বলেন, নদী ভাঙন রোধ না করলে সাতকানিয়ার মানচিত্র থেকে তুলাতুলি গ্রামটি হারিয়ে যাবে। চরতি ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মুহামঞ্চদ নজরুল ইসলাম বলেন, প্রতিবছর নদীর ভাঙন বৃদ্ধি পেয়ে বসতবাড়ি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। নদীর তীরে ব্লক বসালে নদীর ভাঙন রোধ করা যাবে।সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফুল ইসলাম বলেন, ‘আমি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন করার জন্য সরকারিভাবে জমি বরাদ্দের ব্যবস্থা করা হচ্ছে। বৃহস্পতিবার (আজ) জেলা প্রশাসকের সঙ্গে আলাপ করে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা দিয়ে সাহায্যের ব্যবস্থা করা হবে।’