সাঙ্গু নদে ডুবে কলেজছাত্রের মৃত্যু
বান্দরবানের মার্মা বাজার ঘাটে সাঙ্গু নদে ডুবে গতকাল মঙ্গলবার নটর ডেম কলেজের ছাত্র স্মীথ ত্রিপুরা (১৭) মারা গেছে।
স্মীথ ত্রিপুরার সঙ্গী সাম্মুয়েল ত্রিপুরা জানায়, গতকাল বেলা তিনটার দিকে তারা তিন বন্ধু সাঙ্গু নদে গোসল করতে নেমে বল নিয়ে খেলা করছিল। এ সময় স্মীথের ছোট ভাই সাইমন ত্রিপুরা সেখানে আসে। এ সময় সে খেলাচ্ছলে একজোড়া জুতা পানিতে নিক্ষেপ করে। সেই জুতা উদ্ধার করতে গিয়ে সাঁতার না জানা স্মীথ নদের গভীরে ডুবে যায়। পরে রাত আটটার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
স্মীথের নানা হেমারাং ত্রিপুরা জানান, স্মীথ নটর ডেম কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তার বাবা মিন্টুন ত্রিপুরা একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। এক মাস আগে তিনি বান্দরবানে বদলি হন। জেলা শহরের মধ্যমপাড়া মার্মা বাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন তাঁরা।
ফায়ার সার্ভিসের বান্দরবানের সহকারী পরিচালক আবদুস সাত্তার মণ্ডল বলেন, চট্টগ্রাম থেকে ডুবুরি দল এসে রাত আটটায় স্মীথের লাশ উদ্ধার করে। গত ১৪ নভেম্বর একই জায়গায় পানিতে ডুবে তৃতীয় শ্রেণির এক ছাত্র মারা যায়।