সাঙ্গু বন্ধ, চট্টগ্রামের কারখানা ও গৃহস্থালিতে গ্যাস-সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শহর ও পার্শ্ববর্তী এলাকায় তিন দিন ধরে গ্যাসের চাপ কমে গেছে। এতে শিল্প-কারখানা থেকে শুরু করে গৃহস্থালি পর্যন্ত সবখানে গ্যাসের সরবরাহ কমে গেছে। চাহিদা অনুযায়ী গ্যাস না পাওয়ায় চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা (সিইউএফএল) ও কর্ণফুলী সার কারখানায় (কাফকো) ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে গেছে। জাতীয় গ্রিড থেকে কম গ্যাস আসার পাশাপাশি সাঙ্গু গ্যাসক্ষেত্রও যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে। ফলে চট্টগ্রামে গ্যাসের সংকট তৈরি হয় বলে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির (কেজিডিসিএল) কর্মকর্তারা জানান। জানা গেছে, আগের দুই দিনের মতো গতকাল বৃহস্পতিবারও সিইউএফএল ও কাফকোতে ৩৯ মিলিয়ন ঘনফুট করে গ্যাস সরবরাহ দেওয়া হয়। প্রতিষ্ঠান দুটিতে ইউরিয়া উৎপাদন শুরু করতে ন্যূনতম ৪০ থেকে ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস দরকার। জানা যায়, গ্যাস সরবরাহ কম থাকার কারণে ইতিমধ্যে রাউজান তাপবিদ্যুৎকেন্দ্র, শিকলবাহা ও পিকিং পাওয়ার প্ল্যান্টটি বন্ধ রাখা হয়। এরপর গ্যাস দেওয়া হয় সিইউএফএল ও কাফকোতে। চট্টগ্রামে গ্যাসের চাহিদা ৪৫০ মিলিয়ন ঘনফুটের বেশি। কিন্তু জাতীয় গ্রিড থেকে পাওয়া যায় মাত্র ২০০ মিলিয়ন ঘনফুট। সেই সঙ্গে বঙ্গোপসাগরের গ্যাসক্ষেত্র সাঙ্গু থেকে প্রতিদিন গড়ে ২২ থেকে ২৩ মিলিয়ন ঘনফুট গ্যাস চট্টগ্রামে সরবরাহ করা হয়। যান্ত্রিক ত্রুটির কারণে মঙ্গলবার থেকে চট্টগ্রামে সাঙ্গুর সরবরাহ বন্ধ রয়েছে। কবে নাগাদ তা চালু হবে, সে ব্যাপারে সাঙ্গু কিংবা কেজিডিসিএলের কর্মকর্তারা নিশ্চিত করে কিছু বলতে পারেননি।কেজিডিসিএলের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বেশ কিছুদিন ধরে সাঙ্গু গ্যাসক্ষেত্র থেকে গ্যাস সরবরাহের পরিমাণ একেবারে কমে গিয়েছিল। গত সোমবার থেকে সরবরাহ বন্ধ হয়ে যায়। কবে নাগাদ আবার সাঙ্গু থেকে গ্যাস পাওয়া যাবে, তা কেজিডিসিএলকে জানানো হয়নি।