সাঙ্গুতে নতুন এক কূপে গ্যাস পেয়েছে সান্তোস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ১৬ নম্বর ব্লকে সমুদ্রবক্ষের সাঙ্গু গ্যাসক্ষেত্রে একটি নতুন কূপে গ্যাস পেয়েছে অস্ট্রেলীয় কোম্পানি সান্তোস। সাঙ্গু-১১ নামের ওই কূপটিতে গ্যাস পাওয়ার খবর আগামীকাল বুধবার কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারে বলে জানা গেছে।সান্তোস ও পেট্রোবাংলা সূত্র জানায়, প্রাথমিক ধারণা অনুযায়ী নতুন এই কূপটি থেকে আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকেই প্রতিদিন দুই থেকে তিন কোটি (২০ থেকে ৩০ মিলিয়ন) ঘনফুট গ্যাস চট্টগ্রামে সরবরাহ করা যাবে। এই কূপের গ্যাস সরবরাহের জন্য আলাদা কোনো পাইপলাইন বা অন্য কোনো স্থাপনা নির্মাণের দরকার হবে না। সাঙ্গু গ্যাসক্ষেত্রের বিদ্যমান অবকাঠামো ব্যবহার করেই তা সরবরাহ করা যাবে। এর ফলে তীব্র গ্যাস ঘাটতির অঞ্চল চট্টগ্রামে দ্রুত এই গ্যাস সরবরাহ করে বিদ্যুৎ ও সার উৎপাদনের কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে সূত্রগুলো জানায়।তবে এই কূপ থেকে কত দিন এবং কী পরিমাণ গ্যাস উত্তোলন করা যাবে, তা জানতে আরও দুই সপ্তাহ অপেক্ষা করতে হবে বলে সান্তোসের সংশ্লিষ্ট সূত্র জানায়। ব্রিটিশ কোম্পানি কেয়ার্ন এনার্জির কাছ থেকে সাঙ্গু গ্যাসক্ষেত্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর এই প্রথম সান্তোস গ্যাস পেল। এর আগে কোম্পানিটি উত্তর-পূর্ব সাঙ্গু-১ এবং দক্ষিণ সাঙ্গু-৪ নামে দুটি কূপ খনন করেও সাফল্য পায়নি।সূত্রগুলো জানায়, পেট্রোবাংলার সঙ্গে সান্তোসের চুক্তি অনুযায়ী নতুন এই কূপের গ্যাস সান্তোস পেট্রোবাংলার পরিবর্তে তৃতীয় পক্ষের কাছে বিক্রি করতে পারবে কি না, তা নিয়ে সমস্যা দেখা দিতে পারে। কারণ চুক্তি অনুযায়ী সাঙ্গুর বিদ্যমান ক্ষেত্রসংলগ্ন স্থানে (সাঙ্গু ১১) গ্যাস পেলে তা তৃতীয় পক্ষের কাছে বিক্রি করতে পারার কথা নয়। কিন্তু সান্তোস দাবি করতে পারে, নতুন কূপে তাদের আবিষ্কৃত গ্যাস সাঙ্গুর পুরোনো ক্ষেত্রসংলগ্ন স্থানে হলেও তা ভিন্ন আধার (গ্যাস স্যান্ড) থেকে পাওয়া।