দেশের সাগরবক্ষের একমাত্র গ্যাসক্ষেত্র সাঙ্গুর ১০টি কূপের মধ্যে বর্তমানে নয়টি থেকেই গ্যাস তোলা বন্ধ হয়ে গেছে। সপ্তাহ দু-এক আগেও দুটি কূপ চালু ছিল। এর একটিতে পানি ঢোকায় সম্প্রতি তা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন একটি কূপ দিয়ে দৈনিক মাত্র তিন মিলিয়ন (৩০ লাখ) ঘনফুট গ্যাস তোলা হচ্ছে। এ অবস্থায় প্রকল্পটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় রয়েছে সাঙ্গু গ্যাসক্ষেত্রের পরিচালক অস্ট্রেলীয় কোম্পানি সান্তোস।সান্তোসের ভাইস প্রেসিডেন্ট (গভর্নমেন্ট ও পাবলিক অ্যাফেয়ার্স) এ বি এ সিরাজ উদ্দৌলা প্রথম আলোকে বলেছেন, ‘সাঙ্গু আজ অথবা কাল পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। এ নিয়ে কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। তবে সান্তোস এ দেশে থাকতে চায়। এ ব্যাপারে সরকারের কাছে শিগগির প্রস্তাব দেওয়া হবে, যাতে আমাদের এ দেশে কাজ করতে দেওয়া হয়। আমরা অবশ্যই বঙ্গোপসাগরে গ্যাস অনুসন্ধান করতে চাই। আর সরকার না চাইলে আমাদের চলে যেতে হবে।’ তিনি বলেন, গত নভেম্বর থেকে বঙ্গোপসাগরে গ্যাস অনুসন্ধান করতে গিয়ে ৬৫০ কোটি টাকা ব্যয় করেছে সান্তোস। গ্যাস না পাওয়ায় এখন তাদের বিশাল ক্ষতির মুখে পড়তে হচ্ছে।সাঙ্গু গ্যাসক্ষেত্রের এ দুরবস্থার কারণে চট্টগ্রামে গ্যাসের সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জাতীয় গ্রিড থেকে প্রত্যাশা অনুযায়ী গ্যাস না আসায় সরকার আশা করেছিল, সাঙ্গুর উৎপাদন বাড়িয়ে এবং সান্তোসের অনুসন্ধানে গ্যাস পাওয়া গেলে তা দিয়ে আগামী দুই বছরের মধ্যে চট্টগ্রামের সংকট মোকাবিলা করা যাবে। কিন্তু সান্তোসের অনুসন্ধানে দুটি নতুন কূপে গ্যাস না পাওয়ায় সে সম্ভাবনা সুদূরপরাহত। সাঙ্গু গ্যাসক্ষেত্রের দুটি কূপ থেকে গত ১৯ ডিসেম্বর পর্যন্ত দৈনিক ১৩ মিলিয়ন (এক কোটি ৩০ লাখ) ঘনফুট গ্যাস পাওয়া যেত। এই উৎপাদন বাড়াতে গত ২০ ডিসেম্বর কিছু সংস্কারকাজ শুরু করে প্রতিষ্ঠানটি। প্রায় দুই সপ্তাহ সংস্কারকাজ শেষে কূপ দুটিতে আবার গ্যাস তোলা শুরু হয়। কিন্তু শুরুতেই একটি কূপে পানি উঠে উৎপাদন বন্ধ হয়ে যায়। এখন মাত্র একটি কূপ থেকে তিন মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক সান্তোসের একজন কর্মকর্তা বলেন, কূপে ঢোকা পানি সরিয়ে আবার গ্যাস তোলার মতো কারিগরি প্রস্তুতি এ মুহূর্তে সাঙ্গু গ্যাসক্ষেত্রের নেই। প্রকল্পটি বর্তমানে লোকসানে থাকায় এখানে আর নতুন করে বিনিয়োগ করা যাবে কি না, তা নিয়েও সন্দিহান সান্তোস। ১৯৯৪ সালে উৎপাদন শুরুর সময় সাঙ্গু থেকে দৈনিক সর্বোচ্চ ২০০ মিলিয়ন (২০ কোটি) ঘনফুট পর্যন্ত গ্যাস তোলা হতো। কিন্তু পরে এ পরিমাণ দ্রুত কমতে থাকে। গত বছর যুক্তরাজ্যের কোম্পানি কেয়ার্ন এনার্জি সাঙ্গুর মালিকানা বিক্রি করে দেয় সান্তোসের কাছে। সাঙ্গুর গ্যাস সরবরাহকে লাভজনক করার লক্ষ্যে সাঙ্গুর উত্তর-পূর্ব অঞ্চলে আরেকটি কূপ খনন করা হয়। পেট্রোবাংলা ও সান্তোসের কর্মকর্তারা আশা করেছিলেন, সেখানে যথেষ্ট পরিমাণ গ্যাস পাওয়া যাবে। কিন্তু তা পাওয়া যায়নি। এর আগে গত ১০ নভেম্বর ১৬ নম্বর ব্লকের ৪ নম্বর কূপটি প্রচণ্ড পানির চাপে পরিত্যক্ত ঘোষণা করে সান্তোস।চট্টগ্রামে গ্যাসের যে তীব্র সংকট রয়েছে, তা কাটাতে সাগরবক্ষের গ্যাসক্ষেত্র থেকে সরবরাহ অনেক বাড়বে বলে গত নভেম্বরে ঘোষণা দিয়েছিলেন পেট্রোবাংলার কর্মকর্তারা। গত নভেম্বরে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সঙ্গে গ্যাসের সংকট নিয়ে বৈঠকে তাঁরা বলেছিলেন, সান্তোস গ্যাস অনুসন্ধানের রিগ বসিয়েছে। শিগগির সমস্যার সমাধান হতে পারে। কিন্তু এখন সান্তোসই বেকায়দায় পড়েছে। বিদ্যুৎ ও সার উৎপাদন বন্ধ: গ্যাস-সংকটের কারণে চট্টগ্রামে তিনটি সরকারি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে আছে। বেসরকারি দুটি বিদ্যুৎকেন্দ্রেও গ্যাস দেওয়া বন্ধ রেখেছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। গত নভেম্বর থেকে চট্টগ্রামের শিল্পকারখানা এমনকি বাসাবাড়ির গ্যাস সরবরাহ কমিয়েও চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা (সিইউএফএল) চালুর উদ্যোগ নেওয়া হয়। কিন্তু গ্যাসের স্বাভাবিক সরবরাহ না থাকায় বারবার বন্ধ হয়ে যায় কারখানাটি।