সাঙ্গু-মাতামুহুরী বনে মিলেছে বিলুপ্ত ঘোষিত ৭ বন্য প্রাণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে প্রকৃতি সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক ইউনিয়নের (আইইউসিএন) বিলুপ্ত ঘোষিত সাতটি বন্য প্রাণী বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চলে পাওয়া গেছে। এ দুটি প্রাকৃতিক বনাঞ্চল ক্রমশ ক্ষয়ে যাওয়া অবস্থা থেকে রক্ষা করা না গেলে এ অমূল্য প্রাণিসম্পদ হারিয়ে যাবে এবং নদী অববাহিকায় পানির উৎস শুকিয়ে গেলে মানুষের বসবাসও কঠিন হবে।

গতকাল মঙ্গলবার বান্দরবানে ‘সাঙ্গু ও মাতামুহুরীর অববাহিকায় সংরক্ষিত বনাঞ্চল রক্ষার কর্মকৌশল নির্ধারণী’-সংক্রান্ত এক সভায় উপস্থাপিত এক জরিপ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ‘সাঙ্গু ও মাতামুহুরী সংরক্ষিত বনাঞ্চলে প্রাথমিক বন্য প্রাণী জরিপ’ শীর্ষক প্রতিবেদনটি ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্স (সিসিএ) তৈরি করে বন অধিদপ্তরের কাছে হস্তান্তর করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আইইউসিএন ২০০০ সালে ঘোষণা করেছে বাংলাদেশে বনগরু বা গাউর, ছয় প্রজাতির বনবিড়াল-সোনালি বিড়াল, মরমর বিড়াল, লামচিতা, চিতা বাঘ ও বাঘ বিলুপ্ত হয়েছে। ইন্দো-বার্মা হটস্পটের অন্তর্ভুক্ত পার্বত্য চট্টগ্রামের সাঙ্গু ও মাতামুহুরী সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চলে ২০১১ থেকে ২০১৫ সালে বন্য প্রাণী জরিপ চালিয়ে এসব বন্য প্রাণীর সন্ধান পাওয়া গেছে। জরিপে সাঙ্গু বনাঞ্চলকে সবচেয়ে প্রাণবৈচিত্র্যের আধার উল্লেখ করে বলা হয়, এ বনাঞ্চল নানা কারণে হুমকির মুখে পড়লেও এখনো ৩৭ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, ৪৬ প্রজাতির সরীসৃপ, ১৯ প্রজাতির উভচর প্রাণী, ১১ প্রজাতির বিরল পাখি জরিপের সময় পাওয়া গেছে। আইইউসিএনের পর্যবেক্ষণে এসব বন্য প্রাণীর ৩ শতাংশ মহাবিপন্ন, ১০ শতাংশ বিপন্ন ও ১৭ শতাংশ সংকটাপন্ন।

জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে জেলা প্রশাসন, বন অধিদপ্তর, সিসিএ যৌথ উদ্যোগে আয়োজিত কর্মকৌশল নির্ধারণী সভায় প্রধান আলোচক ছিলেন অধ্যাপক আইনুন নিশাত। আলোচক হিসেবে ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, বন অধিদপ্তরের উপপ্রধান বন সংরক্ষক শহীদুল আলম, সেনাবাহিনীর বান্দরবান সদর জোনের মেজর মশিউর রহমান। সভায় বন বিভাগের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাঙ্গু ও মাতামুহুরী বনাঞ্চল-সংলগ্ন এলাকার জনপ্রতিনিধি, বননির্ভর পাহাড়ি জনগোষ্ঠীর লোকজন অংশগ্রহণ করেন।

অধ্যাপক আইনুন নিশাত বলেন, সাঙ্গু নদের অববাহিকায় অবস্থিত সাঙ্গু সংরক্ষিত বনাঞ্চলে এখনো কুমারী বনের (ভার্জিন ফরেস্ট) অস্তিত্ব রয়েছে। সেখানে বসবাসরত বননির্ভর মানুষকে যথাযথ পুনর্বাসনের মাধ্যমে ক্ষয়িষ্ণু অবস্থা থেকে বনাঞ্চলকে রক্ষা করতে হবে। বনাঞ্চল রক্ষা করা না গেলে প্রাণবৈচিত্র্যের প্রতিবেশ রক্ষা করা সম্ভব হবে না।