সাজছে স্মৃতির মিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রং করা, ধোয়ামোছা, বাঁশের বেষ্টনী, লাইটিং, ক্যামেরা বসানো, দেয়াল লিখন, আলপনার জায়গা নির্ধারণ, গাছের গোড়া রং করার কাজ চলছে কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে। সরেজমিন শহীদ মিনারে গিয়ে এমন চিত্রই চোখে পড়েছে। 

আর মাত্র দুই দিন। ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকেই পুরোদমে শুরু হবে ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে নানা আয়োজন। বাঙালির ভাষা আন্দোলন ও অমর একুশে এখন কেবলই নিজেদের মধ্যেই সীমাবদ্ধ হয়। এটি ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। দিবসটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও। একাধারে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হওয়ায় দিবসটি পালনেও এসেছে ভিন্নতা। একুশের প্রথম প্রহর থেকেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর লাখো মানুষ ভিড় জমাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে। আসবেন বিদেশিরাও। এ কারণেই এই এলাকা ঘিরে এখন এত কর্মব্যস্ততা। শহীদ মিনার এলাকার আশপাশের সৌন্দর্যবর্ধন, ভাষা আন্দোলনের আবহ তৈরি আর নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে সেখানে চলছে এমন কর্মযজ্ঞ।
একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখে অনেকেই আসছেন শহীদ মিনারে। বাবা-মায়ের সঙ্গে আসছে শিশুরাও। বিশেষ করে বইমেলায় দর্শনার্থীরা ছেলে-মেয়েদের নিয়ে শহীদ মিনারে আসছেন। এমনই একজন সালেহ আহমেদ গতকাল বুধবার পরিবার নিয়ে হাজির হন। তিনি বললেন, ঢাকায় যানজটের কারণে, যোগাযোগ-ব্যবস্থা ভালো না হওয়ায় চাইলেই সব সময় সব জায়গায় যাওয়া যায় না। খিলগাঁও থেকে এসেছেন বইমেলায়। এই সুযোগে ছেলে-মেয়েদের শহীদ মিনারে নিয়ে আসা। তাঁর মতে, শহীদ মিনারে যদি ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে স্থায়ী কোনো প্রদর্শনীর ব্যবস্থা থাকত বা পুরো ইতিহাস কোথাও লিখে রাখার ব্যবস্থা করা যেত, তাহলে এখানে এসে এখনকার প্রজন্ম সহজেই সবকিছু জানতে পারতো।
দেশের বাইরে থাকেন নাজিয়া। তিনিও এসেছেন বন্ধুদের নিয়ে। তিনি বলেন, বাইরের দেশগুলোতে বিদেশিদের জন্য এ ধরনের ঐতিহাসিক স্থানে গাইড থাকেন, যাঁরা সবকিছু বুঝিয়ে দিতে পারেন। কিন্তু এখানে নেই। হঠাৎ এসে বিদেশিরা কিছু বুঝতে পারবেন না। শুধু বিদেশিরা নন, এ দেশের অনেকেই তো কেন্দ্রীয় শহীদ মিনারের খুঁটিনাটি অনেক কিছু জানে না। তাদের জানানোর মতো ব্যবস্থা থাকা দরকার ছিল। বর্তমান প্রজন্ম ইতিহাস সম্পর্কে কতটুকু জানে, তা নিয়ে আলোচনা শুরু হলে জিনিয়া ও মাহি বললেন, তাঁদের কাছে সবকিছু স্পষ্ট নয়।

ধোয়ামোছা, দেয়াল লিখন ও আলপনার জায়গা নির্ধারণসহ রং করার কাজ চলছে কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: সাহাদাত পারভেজ
ধোয়ামোছা, দেয়াল লিখন ও আলপনার জায়গা নির্ধারণসহ রং করার কাজ চলছে কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: সাহাদাত পারভেজ

প্রথম আলোর সঙ্গে আলাপকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের চেয়ারম্যান হাকিম আরিফ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের রক্ষণাবেক্ষণের দায়িত্বে। এখানে আরও অনেক কিছুই করার আছে। সরকার থেকে অনুদান পাওয়া গেলে এটা সম্ভব। লোকবলের স্বল্পতা আছে। এটা দূর হওয়া দরকার। তাহলে আরও ভালোভাবে এটি পরিচালনা করা যাবে। তা ছাড়া মনিটরিং বাড়ানো দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয়সহ অন্যদেরও এগিয়ে আসতে হবে। তিনি বলেন, শহীদ মিনারকে সব সময়ের জন্য জনগণের কাছে উন্মুক্ত রাখতে হবে।

২০ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকেই পুরোদমে শুরু হবে ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে নানা আয়োজন। বাকি আর দুই দিন। রং করা, ধোয়ামোছা, বাঁশের বেষ্টনী, লাইটিং, ক্যামেরা বসানো, দেয়াল লিখন, আলপনার জায়গা নির্ধারণ, গাছের গোড়া রং করার কাজ চলছে কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে। ছবি: সাইফুল ইসলাম
২০ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকেই পুরোদমে শুরু হবে ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে নানা আয়োজন। বাকি আর দুই দিন। রং করা, ধোয়ামোছা, বাঁশের বেষ্টনী, লাইটিং, ক্যামেরা বসানো, দেয়াল লিখন, আলপনার জায়গা নির্ধারণ, গাছের গোড়া রং করার কাজ চলছে কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে। ছবি: সাইফুল ইসলাম

ঢাকা মহানগর পুলিশ শহীদ মিনার ঘিরে চার স্তরের নিরাপত্তা-ব্যবস্থা সাজিয়েছে। ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, এখানে দায়িত্ব পালন করবেন পুলিশের প্রায় আট হাজার সদস্য। এ ছাড়া র‍্যাব ও সাদা পোশাকের পুলিশও থাকবে। ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যাবে। পুরো এলাকা থাকবে সিসি ক্যামেরার আওতায়। থাকবে কন্ট্রোল রুম। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, কূটনীতিকেরা ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর রাত পৌনে একটা থেকে জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হবে। সবাইকে পলাশী হয়ে যেতে হবে।