
পরিপাটি চুল, সুন্দর করে কাজল আঁকা চোখ ও কপালে টিপ। প্রতিদিন বাইরে যাওয়ার আগে এমন সাজে দেখা যায় মেয়েদের। কিন্তু বিশ্ববিদ্যালয়ের হলে থেকে রূপচর্চা করার ইচ্ছা অনেক সময় হয় না। এমনিতেই হলের জীবনে নানা ঝামেলা, তার ওপর নিজের যত্ন। সেটিও বাড়তি কিছু মনে হয়। ধরুন, এই হলের মধ্যে যদি সৌন্দর্যচর্চাকেন্দ্র চালু হয়, তাহলে তো সবকিছুই ঠিকঠাক হবে।
সে রকমই একটি সৌন্দর্যচর্চাকেন্দ্র চালু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে। অপ্সরা স্পা এবং হেয়ার ট্রিটমেন্ট পারলারে মেয়েদের জন্য নানা রকম সুবিধা ও সেবা রয়েছে। যে সুবিধাগুলো অন্য কোনো সরকারি হলে নেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্রী নাহিদা আক্তার বলেন, ‘হলের ভেতরে বিউটি পারলার হওয়ায় খুব সুবিধা হয়েছে। নিজের মতো করে যেকোনো সময় রূপচর্চা করা যায়। সাজার প্রয়োজন হলেও আর বাইরে যেতে হয় না। সময়ও বাঁচে। এখানে যাঁরা কাজ করেন, তাঁরাও অনেক আন্তরিকভাবে আমাদের সেবা দিচ্ছেন।’
পাশের বন্ধু তানজিনা আফরিন একই মত প্রকাশ করে বলেন, ‘সারা দিন ক্লাস করে টিউশনিতে যেতে হয়। তাই ত্বকের যত্ন নিতে প্রতি মাসে বিউটি পারলারে যাওয়ার সময় পাই না। আর হলের ভেতরে হওয়ায় ইচ্ছামতো সময়ে যেতে পারি এখন রূপচর্চার জন্য।’
অপ্সরা স্পা এবং হেয়ার ট্রিটমেন্ট পারলার বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে। পারলারের স্বত্বাধিকারী আইনুন নাহার বলেন, ‘হলের মেয়েদের চাহিদার কথা জেনেই এটি চালু করেছি।’ বাইরের থেকে এখানে টাকাও লাগে কম। কেননা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর অর্থ নির্ধারণ করে দিয়েছে।
এই হলে সৌন্দর্যচর্চাকেন্দ্র ছাড়াও আরও রকমারি সুযোগ-সুবিধা আছে। এ বিষয়ে হলের প্রভোস্ট নিলুফার নাহার বলেন, মেয়েদের কেউ অসুস্থ হয়ে গেলে সিক বেড তৈরি করা আছে। এ ছাড়া মেডিসিন কর্নার তৈরি করা হচ্ছে, যেখানে সব ওষুধ পাওয়া যাবে।