সাজবে এবার বাক্সখানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাক্সখানি
বাক্সখানি

বাইরে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন? পছন্দের আইশ্যাডো খুঁজে পাচ্ছেন না! আইলাইনার পেয়েছেন, কিন্তু মাশকারা পাচ্ছেন না। গেল মেজাজ খারাপ হয়ে। সাজার সবকিছু যদি সাজানো থাকে একটি বক্সে, এই বিড়ম্বনা হয় না। সাজগোজ করার সময় খুঁজতে হবে না কোথায় আছে লিপস্টিক আর কোথায় কাজল। চাইলে সেই বক্সটি নিয়ে বাইরেও বেরিয়ে পড়তে পারবেন।
গুলশানের ডিসিসি মার্কেট ঘুরে দেখা গেল বিভিন্ন ধরন ও আকারের মেকআপ বক্স। ছোট-বড়-মাঝারি পছন্দমতো যেকোনো মাপের মেকআপ-বক্সই পাবেন এখানে। বড় বক্সে একই সঙ্গে আছে আইলাইনার, আইশ্যাডো, ব্লাশার, মাশকারা, ফেস পাউডার, ফাউন্ডেশন, লিপলাইনার, লিপস্টিক আর নেইলপলিশ রাখার জায়গা। মাঝারি আকারের বক্সে রাখতে পারবেন আইশ্যাডো, ব্লাশার, ফেস পাউডার, লিপলাইনার, আইলাইনার, মাশকারা। এ ছাড়া রয়েছে ছোট ছোট মেকআপ-বক্স। এগুলোর কোনোটিতে আছে শুধু আইশ্যাডো, কোনোটিতে শুধু ব্লাশার, আবার কোনোটিতে আছে একসঙ্গে দুটি জিনিস রাখার স্থান।
কী ধরনের মেকআপ-বক্স ক্রেতাদের পছন্দ জানতে চাইলে বিক্রেতারা জানান, আজকাল ছোট ছোট বক্সে আলাদাভাবে আইশ্যাডো অথবা ব্লাশার পাওয়া যায়, এগুলোর চাহিদা বেশি। আবার সব প্রসাধনী এঁটে যাবে একটি বক্সে, এমন পণ্যেরও চাহিদা আছে বেশ।
মেকআপ-বক্সগুলোর নকশাতেও আছে ভিন্নতা। কোনোটি চারকোণা, কোনোটা আবার একটু গোলাকৃতির। বক্সের বিভিন্ন রঙের মধ্যে কালো আর মেরুন রঙের প্রাধান্য দেখা গেল। এর মধ্যে কোনো কোনোটিতে আবার বহন করার জন্য সুবিধাজনক হাতল রয়েছে।

কোথায় পাবেন
রাজধানীর গুলশান ডিসিসি মার্কেটে রয়েছে বিভিন্ন ধরনের মেকআপ-বক্স। এ ছাড়া রাজধানীর অন্যান্য শপিং মলগুলোতেও পাবেন মেকআপ-বক্স। পাওয়া যাবে নিউমার্কেটেও।

 দরদাম

গুলশান ডিসিসি মার্কেটে আকারভেদে মেকআপ-বক্স পাবেন ২৮০ টাকা থেকে ৫৫০০ টাকার মধ্যে। অন্যান্য শপিং সেন্টারেও পাবেন ৩০০ থেকে ৪০০০ টাকার মধ্যে। এ ছাড়া নিউমার্কেটে পাবেন ৩৫০ থেকে ৩০০০ টাকার মধ্যে।